নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এজরা স্ট্রিটে মহিলা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের শ্লীলতাহানির অভিযোগে ওষুধ দোকানের কর্মচারীকে গ্রেপ্তার করল হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ধৃতের নাম ভাস্কর সৎপতি। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটেছে শহরের এজরা স্ট্রিটের এক ওষুধের দোকানে।
প্রাথমিক তদন্তে হেয়ার স্ট্রিট থানার পুলিশ জানতে পেরেছে, আর পাঁচটা দিনের মত মঙ্গলবার দুপুরে পেশাগত কাজের সুবাদে এজরা স্ট্রিটের ওষুধের দোকানে গিয়েছিলেন ওই মহিলা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। সেই সময় দোকানে আর কেউ ছিলেন না। নির্যাতিতা মহিলার অভিযোগ, ওষুধের অর্ডার নেওয়ার জন্য কর্মীর কথাতে তিনি ফাঁকা দোকানের ভিতরে ঢোকা মাত্র তাঁকে জাপটে ধরে শ্লীলতাহানি করেন অভিযুক্ত কর্মচারী। নিজেকে বাঁচাতে বাধ্য হয়ে ওই মহিলা চিৎকার জুড়ে দেন। আশপাশের দোকান থেকে লোকজন ছুটে আসেন। তখন ভয় পেয়ে তাঁকে ছেড়ে দেয় অভিযুক্ত কর্মী। এরপর স্থানীয় সূত্রে খবর পেয়ে বড়বাজার থানার পুলিশ এসে অভিযুক্ত কর্মীকে আটক করে। পরে তাকে হেয়ার স্ট্রিট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
নির্যাতিতা মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ ওই কর্মচারীর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। বিকালেই ওষুধের দোকানের অভিযুক্ত কর্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত কর্মচারীকে বুধবার দুপুরে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। আদালত তাকে ৪ আগস্ট পর্যন্ত জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।