Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

দ্রুত গোল পেলে জেমিদের রোখা কঠিন হবে: ব্যারেটো  

দ্রুত গোল পেলে জেমিদের রোখা কঠিন হবে: ব্যারেটো
 
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পেনাল্টি স্পটে ব্যারেটো বল বসাতেই সেদিন আগাম উৎসব শুরু হয়েছিল মোহন বাগান গ্যালারিতে। চোখ বুজে ভরসা করা যায়। গোল হবেই। অথচ সবাইকে অবাক করে ব্যারেটোর কিক পোস্ট ঘেঁষে বাইরে যায়। প্রায় দেড় দশক পরেও সেই যন্ত্রণায় বিদ্ধ ব্যারেটো। সাও পাওলো বিমানবন্দরে বসে ব্রাজিলিয়ানের মন্তব্য, ‘এটাই ফুটবল। হিরো থেকে জিরো হতে সময় লাগে না।’ ২০০৯-২০১০ মরশুমে শেষবার গুয়াহাটিতে মুখোমুখি হয় কলকাতার দুই প্রধান। ম্যাচের আগে সেভাবে পাত্তা পায়নি রাইডারের ইস্ট বেঙ্গল। বরং চিডি-ব্যারেটোদের এগিয়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু ছবিটা পাল্টে যেতে সময় লাগেনি। শনিবার ব্রহ্মপুত্রের তীরে আরও একটা বড় ম্যাচ। এবার কী হবে? ব্যারেটো বলছেন, ‘পারফরম্যান্সের বিচারে কামিংসরাই এগিয়ে। তবু ডার্বি তো। মুহূর্তের ভুল সব সমীকরণ পাল্টে দেয়।’ বড় ম্যাচের পালস হাড়ে হাড়ে জানেন তিনি।
Advertisement
ব্যারেটো আর মোহন বাগান যেন সমার্থক। অবসরের পরেও তাঁর হৃদয় জুড়ে শুধুই সবুজ-মেরুন। মোলিনা ব্রিগেডের ম্যাচ থাকলে ব্যস্ততার মাঝেও মোবাইলে ঘন ঘন নজর রাখেন। পরিসংখ্যান ঠোঁটের ডগায়। ব্রাজিলে বসেও তাঁর মন পড়ে গুয়াহাটিতে। ব্যারেটোর বিশ্লেষণ, ‘মোহন বাগানের গভীরতা প্রচুর। ব্যক্তিগত নৈপুণ্যে ম্যাচ জেতাতে পারে একাধিক ফুটবলার। দ্রুত গোল পেয়ে গেলে কামিংসদের রোখা কঠিন।’ ইস্ট বেঙ্গল রক্ষণ পোক্ত নয়। আনোয়ার না থাকায় আরও চাপে হিজাজিরা। মোহন বাগানের নয়নের মণির বিশ্বাস, যুদ্ধজয়ের ফর্মুলা মোলিনার পকেটে। বিশেষ করে লিস্টন আর মনবীর যে কোনও রক্ষণের ত্রাস। ব্যারেটোর যুক্তি, ‘ডার্বিতে বাড়তি জ্বলে ওঠে মনবীর। আর রুমালের মতো এক চিলতে জমি পেলেও ফাটল ধরাতে পারে লিস্টন। মোহন বাগানের সম্পদ দুই উইং হাফ।’
সম্পর্কিত সংবাদ