তিন জায়গায় ড্রপগেট, রাস্তায় যতক্ষণ ভিড় থাকবে ততক্ষণ শহরে টোটো বন্ধ
  • ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: পুজোর সময় যাতে দর্শনার্থীরা সুষ্ঠুভাবে ঠাকুর দেখতে পারেন তারজন্য ময়নাগুড়ি থানার পুলিশের পক্ষ থেকে বিশেষ কিছু পদক্ষেপ করা হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ দু’টি জায়গায় রাখা হবে অ্যাম্বুলেন্স। পাশাপাশি থাকবে পুলিশের একাধিক অ্যাসিস্ট্যান্ট বুথ। সেখানে রাখা থাকবে অক্সিজেন সিলিন্ডার। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনটি ড্রপ গেট করা হচ্ছে। একটি বিডিও অফিস মোড়, দ্বিতীয়টি দারিভিজা মোড় এবং তৃতীয়টি অসম মোড়ে। পুজোর দিনগুলিতে শহরে বড়ো গাড়ি প্রবেশ রুখতেই এই পদক্ষেপ। পাশাপাশি ছ’টি স্থান নির্দিষ্ট করা হয়েছে যেগুলি হবে নো-এন্ট্রি পয়েন্ট। ভিআইপি মোড় হাসপাতালপাড়া, বিবেকানন্দপল্লি, শ্মশানঘাট, সুভাষনগর স্কুল মোড়, সিনেমা হল মোড় ও স্টেশন মোড়ে নো-এন্ট্রি পয়েন্ট করা হয়েছে। বিকেল ৪টের পর থেকে শহরে টোটো বন্ধ থাকবে । প্রশাসনের পক্ষ থেকে এ নিয়ে মাইকিংও করা হবে। 
ময়নাগুড়ি থানার আইসি শীর্ষেন্দু দাস বলেন, ময়নাগুড়ির বড়ো পুজো মণ্ডপগুলিতে আমরা গাইড ম্যাপ ঝুলিয়ে দেব। পাশাপাশি দর্শনার্থীদেরও বিলি করা হবে গাইড ম্যাপ। এতে সহজেই দর্শনার্থীরা কোথায় কোন পুজো মণ্ডপ জানতে পারবেন। 
থানার ট্রাফিক ওসি হোমেশ্বর পাল বলেন, রাতে যতক্ষণ পর্যন্ত ভিড় থাকবে ততক্ষণ টোটো চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স চৌপথি সহ আরও একটি জায়গায় রাখা হবে। সেই জায়গাটি চিহ্নিত করা হচ্ছে। পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। আমরা চাই, সকলেই যাতে নির্বিঘ্নে পুজো দেখে বাড়ি ফিরতে পারেন। 
পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা। তিনি বলেন, অক্সিজেন সিলিন্ডার এবং অ্যাম্বুলেন্স থাকলে জরুরি অবস্থায় লোকজনের সুবিধা হবে।