নয়াদিল্লি: রাষ্ট্রপতি ভবনে খেলরত্ন পুরস্কার গ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যে মানু ভাকেরকে শুনতে হল এক ভয়াবহ দুঃসংবাদ। দুর্ঘটনায় প্রাণ হারালেন ওলিম্পিকসে জোড়া পদকজয়ী শুটারের দিদা ও মামা। রবিবার সকালে হরিয়ানার চরকি দাদরিতে স্কুটারে চেপে যাওয়ার সময় একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে তাঁদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। পুলিস জানিয়েছে, সংঘর্ষের অভিঘাত এতটাই প্রবল ছিল যে, পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে স্কুটারটি। হরিয়ানা পুলিসের আধিকারিক সুরেশ কুমার জানান, ‘গাড়ির চালক পলাতক। তল্লাশি চলছে।’ সব মিলিয়ে এমন ঘটনা বড় ধাক্কা মানুর পরিবারে।



