নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ম্যাচ জিততে দরকার গোলের। গত দু’টি ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেও অ্যাটাকারদের ব্যর্থতায় এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয়েছিল মোহন বাগানকে। সোমবারও বেঙ্গালুরুর বিরুদ্ধেও ম্যাচের ৭৩ মিনিট পর্যন্ত চেষ্টা করে প্রতিপক্ষের জালে বল জড়াতে ব্যর্থ ম্যাকলারেন-স্টুয়ার্টরা। প্রিয় দলের একের পর এক সুযোগ নষ্টে ক্রমশ হতাশা বাড়ছিল গ্যালারিতে। অবশেষে ৭৪ মিনিটে লিস্টন কোলাসোর গোল কাটাল যাবতীয় উদ্বেগ। কোচ মোলিনার চোখেমুখে ছিল স্বস্তির ছাপ। ম্যাচ শেষে ছেলেদের প্রশংসা ভরিয়ে দিলেন বগান কোচ। বললেন, ‘বেঙ্গালুরু এফসি টুর্নামেন্টের অন্যতম কঠিন প্রতিপক্ষ। জানতাম, লড়াইটা সহজ হবে না। তবে একইসঙ্গে আমাদের লক্ষ্য ছিল রক্ষণ অটুট রেখে গোলের জন্য ঝাঁপানো। ছেলেরা সেটা করে দেখিয়েছে।’
Advertisement
গত কয়েক ম্যাচে সুযোগ নষ্টের জন্য সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়তে হয়েছিল লিস্টন কোলাসোকে। সোমবার যুবভারতীতে তাই জাল কাঁপিয়ে জার্সি খুলে সেলিব্রেশনে সেই সব সমালোচনার যাবতীয় জবাব দিলেন এই গোয়ানিজ উইঙ্গার। তিনি বলেন, ‘লিগ-শিল্ড খেতাবের জন্য এই জয় খুবই প্রয়োজন ছিল। তাই গোল করে দলকে তিন এনে দিতে পারায় ভালো লাগছে। আর সমালোচনা নিয়ে খুব একটা ভাবি না। আমার কাজ পারফর্ম করা।’



