Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পোশাকবিধি: চাপের মুখে নির্দেশিকা প্রত্যাহার করে নিল বাংলাদেশ ব্যাঙ্ক

আধিকারিক-কর্মীদের কী ধরনের পোশাক পরতে হবে, তা নিয়ে সম্প্রতি নির্দেশিকা জারি করেছিল বাংলাদেশ ব্যাঙ্ক। ওই নির্দেশিকা না মানলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

পোশাকবিধি: চাপের মুখে নির্দেশিকা  প্রত্যাহার করে নিল বাংলাদেশ ব্যাঙ্ক
  • ২৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: আধিকারিক-কর্মীদের কী ধরনের পোশাক পরতে হবে, তা নিয়ে সম্প্রতি নির্দেশিকা জারি করেছিল বাংলাদেশ ব্যাঙ্ক। ওই নির্দেশিকা না মানলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। বিশেষ করে মহিলা কর্মীদের পোশাকের বিষয়ে একাধিক বিধিনিষেধ জারি করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক বিতর্ক শুরু হয়। বিরোধিতায় সরব হন অনেক। শেষ পর্যন্ত চাপের মুখে সেই নির্দেশিকা বাতিল করতে বাধ্য হয়েছে বাংলাদেশ ব্যাঙ্ক। বৃহস্পতিবার তারা এক বিবৃতি জারি করে জানিয়েছে, পোশাকবিধি সংক্রান্ত নির্দেশিকা ব্যাঙ্কের শীর্ষ কর্তৃপক্ষ জারি করেনি। অভ্যন্তরীণ আলোচনায় এই বিষয়ে বিভাগীয় প্রধানদের সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল। সব স্তরের আধিকারিক ও কর্মীদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে অফিস চলাকালীন পেশাদার ও মার্জিত পোশাক পরার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে এই নিয়ে কেন্দ্রীয়ভাবে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর বর্তমানে বিদেশে রয়েছেন। সংবাদমাধ্যম থেকে বিষয়টি জানার পরই তিনি ক্ষোভ প্রকাশ করেন। এরপরই আগের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

Advertisement

গত সোমবার বাংলাদেশ ব্যাঙ্কের হিউম্যান রিসোর্স বিভাগের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়, মহিলা আধিকারিক বা কর্মীরা শর্ট স্লিভ ও ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরতে পারবেন না। এছাড়া তাঁদের ফর্মাল স্যান্ডেল বা জুতো ও সাধারণ হেড স্কার্ফ বা হিজাব পরতে বলা হয়। পুরুষদের ক্ষেত্রে ফুল বা হাফ স্লিভ ফর্মাল শার্ট ও ফর্মাল প্যান্ট পরতে বলা হয়। জিনস বা গ্যাবার্ডিনের প্যান্ট পরতে নিষেধ করা হয়। বুধবার বাংলাদেশের প্রধান ব্যাঙ্কটির মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছিলেন, একটি প্রতিষ্ঠানে যাতে সকলে এক ধরনের পোশাক পরেন, তার জন্যই এই নির্দেশিকা জারি করা হয়েছিল। তিনি যুক্তি দিয়েছিলেন, তরুণ প্রজন্মের অনেকে ব্যাঙ্কের চাকরি করতে আসছেন। তাই তাঁরা যাতে সতর্ক থাকেন, তার জন্যই এই নির্দেশিকা। যদিও একদিনের মধ্যেই তা বাতিল করতে বাধ্য হল ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ