নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণসহ খুনের পরই নারী সুরক্ষায় মহিলা পুলিশ কর্মীদের নিয়ে চালু হচ্ছে আরটি মোবাইল ভ্যান। ধর্ষণ, শ্লীলতাহানিসহ মহিলাদের উপর অপরাধের খবর কন্ট্রোল রুমে এলে এই গাড়িই প্রথমে ঘটনাস্থলে পৌঁছাবে। প্রাথমিকভাবে দক্ষিণবঙ্গের চার জেলায় এটি চালু করা হচ্ছে। ধীরে ধীরে চালু হবে সারা রাজ্যেই।
বারুইপুরে গণধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। খবর পাওয়ার পর টহলদারিতে রাখা আরটি গাড়িই খুঁজে পাওয়া যায়নি। অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছিল তিন ঘণ্টা দেরিতে। এনিয়ে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরই টনক নড়ে নবান্নের। নারী ও শিশুদের উপর সংঘটিত অপরাধ মোকাবিলায় রাস্তায় মহিলা পুলিশের উপস্থিতি ও টহলদারির বৃদ্ধির জন্য পুলিশ ডিরেক্টরেট থেকে প্রতিটি জেলায় নির্দেশ যায়। এর সঙ্গে সিদ্ধান্ত হয় যে, নারীঘটিত অপরাধের ক্ষেত্রে পুলিশ যাতে দ্রুত পৌঁছে উপযুক্ত পদক্ষেপ করতে পারে সেজন্য মহিলা পুলিশ কর্মীদের ওয়্যারলেসযুক্ত আরটি ভ্যান রাস্তায় নামানোর সিদ্ধান্ত হয়। সেইমতো দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে কেবলমাত্র মহিলা পুলিশ কর্মীদের নিয়েই ১২টি আরটি ভ্যান নামানো হচ্ছে। প্রথম ধাপে, প্রতিটি জেলায় তিনটি করে এই ধরনের গাড়ি দেওয়া হবে। জেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে ডিউটি চলবে এই গাড়ি নিয়ে। একটি গাড়িতে জনাপাঁচেক মহিলা পুলিশ কর্মী থাকবেন। রাস্তায় মহিলাদের উপর অপরাধ আটকানোর পাশাপাশি ধর্ষণ, যৌনহেনস্তার মতো খবর এলে সংশ্লিষ্ট পুলিশ কর্মীরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে ‘ভিকটিম’ মহিলার সঙ্গে কথা বলবেন। নির্যাতিতাকে গাড়িতে বসিয়ে থানায় পৌঁছে দেওয়াসহ সমস্ত ধরনের সাহায্য করা হবে এই ব্যবস্থার মাধ্যমে।