Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্রহ্মপুর-বাঁশদ্রোণীর রাস্তায় জোরকদমে নিকাশি পাইপ বসানোর কাজ পুরসভার

ব্রহ্মপুর-বাঁশদ্রোণীর রাস্তায় জোরকদমে নিকাশি পাইপ বসানোর কাজ পুরসভার
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গড়িয়ার ব্রহ্মপুর, হরিসভা অঞ্চলের একাধিক রাস্তা ও বিভিন্ন গলিতে নয়া নিকাশি নালা বসানোর কাজ চলছে। এখানে অনেক জায়গাতেই পুরনো নিকাশি পথ আছে। সেগুলির অভিমুখ বদল করতে নতুন করে পাইপলাইন তৈরি করছে কলকাতা পুরসভা। তৈরি হচ্ছে ম্যানহোল, গালিপিট। পাশাপাশি, বাঁশদ্রোণী, রায়নগরের একাধিক রাস্তায় কেইআইআইপি প্রকল্পের আওতায় অসমাপ্ত থাকা মূল রাস্তার নিকাশি ব্যবস্থা তৈরির কাজেও হাত লাগিয়েছে পুর কর্তৃপক্ষ।

Advertisement

জানা গিয়েছে, ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে হরিসভা এলাকা, ঊষা পার্কের বিস্তীর্ণ অঞ্চলের গলিগুলিতে পাইপ পাতা হয়েছিল। তার আগে ছিল খোলা নর্দমা। জমা জলের ভোগান্তি ছিল। নয়া ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা হওয়ায় ভোগান্তি দূর হয়। বর্তমানে এই অঞ্চলের কয়েকটি জায়গায় সেই নালাগুলির সংস্কার হচ্ছে। নতুন পাইপলাইন পাতা হচ্ছে। ১১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গোপাল রায় বলেন, ঊষা পার্ক, হরিসভা অঞ্চলে ভূগর্ভস্থ নালা রয়েছে। কিছু কিছু জায়গায় নতুন পাইপলাইন পেতে আংশিকভাবে কয়েকটি অঞ্চলে নিকাশি পথের অভিমুখ বদল করা হচ্ছে। কেইআইআইপি প্রকল্পে যে নতুন নিকাশি ব্যবস্থা তৈরি হয়েছে তার সঙ্গে এই নতুন নালাগুলি যুক্ত করা হবে। পাশাপাশি, বাঁশদ্রোণী, রায়নগর, নতুন বাজার এলাকায় নতুন পাইপলাইন বসানো হচ্ছে। স্থানীয় বাসিন্দা অভয় নাগের কথায়, জমা জলের সমস্যা আগের মতো না থাকলেও এখনও যথেষ্ট রয়েছে। সেই কবে থেকে বড় রাস্তায় নিকাশি ব্যবস্থার কাজ হচ্ছে, সেগুলি এখনও ঠিকঠাক শেষ হয়নি। এই প্রসঙ্গে গোপাল রায় বলেন, কেইআইআইপি প্রকল্পে যে কোম্পানি কাজ করছিল, সে পুরোটা শেষ করেনি। বহু কাজ না করে ফেলে রেখেছে। বাকি কাজ এখন পুরসভাকে নিজস্ব পয়সা খরচ করে করতে হচ্ছে। নতুন বাজারে মূল রাস্তার তলায় টানা লম্বা নিকাশি নালা তৈরি হবে। এর বাইরে পালপাড়া, বিনপুকুর এলাকার কিছু কিছু জায়গায় পুরনো লাইনগুলি বদল করে নতুন বড় পাইপলাইন পাতা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ