লন্ডন: প্রিমিয়ার লিগ খেতাবি দৌড়ে হোঁচট খেল লিভারপুল। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল আর্নে স্লট ব্রিগেড। ম্যাচের শুরুতেই ক্রিস উডের গোলে পিছিয়ে পড়ে দ্য রেডস ব্রিগেড। তবে দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে মাঠে নেমে লিভারপুলকে সমতায় ফেরান ডিয়েগো জোতা। উল্লেখ্য, চলতি প্রিমিয়ার লিগে সারপ্রাইজ প্যাকেজ হিসেবে নিজেদের মেলে ধরেছে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্ট। ২১ ম্যাচে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট। পক্ষান্তরে, এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। মঙ্গলবার পয়েন্ট নষ্ট করল ম্যাঞ্চেস্টার সিটি। অ্যাওয়ে ম্যাচে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে দু’গোলে এগিয়ে থেকেও রক্ষণের ব্যর্থতায় ড্রয়েই সন্তুষ্ট থাকতে হল পেপ গুয়ার্দিওলা ব্রিগেডকে। পাশাপাশি শেষলগ্নের গোল ঘরের মাঠে হার বাঁচাল চেলসি। বোর্নমাউথের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা।



