Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

দাপটে পাঞ্জাব বধ, বছর শেষে শীর্ষে মোহন বাগান

দাপটে পাঞ্জাব বধ, বছর শেষে শীর্ষে মোহন বাগান
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে শেষলগ্নে কামান দাগা শটে দলকে মূলবান তিন পয়েন্ট এনে দিয়েছিলেন আলবার্তো রডরিগেজ। এবার পাঞ্জাবের বিরুদ্ধেও ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন এই স্প্যানিশ ডিফেন্ডার। বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে তাঁর জোড়া গোলে ভর করে চলতি আইএসএলে নবম জয়টি তুলে নিল হোসে মোলিনা-ব্রিগেড। সেই সঙ্গে শীর্ষে থেকেই বছর শেষ করলেন মনবীররা। অ্যাওয়ে ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জিতল মোহন বাগান। আলবার্তোর জোড়া গোলের পাশাপাশি পেনাল্টি থেকে জাল কাঁপান জেমি ম্যাকলারেন। পাঞ্জাবের একমাত্র গোলটি রিকি সাবংয়ের। এই জয়ের সুবাদে ১৩ ম্যাচে মোহন বাগানের সংগ্রহ ২৯ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরুর থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে গেল মোলিনা ব্রিগেড।
Advertisement
দিমিত্রি-স্টুয়ার্টদের অনুপস্থিতিতে পাঞ্জাবের বিরুদ্ধে ফর্মেশন বদল আনেন বাগান কোচ। শুরুতেই গোলের লক্ষ্যে ম্যাকলারেনের সঙ্গে কামিংসকে রেখে জোড়া স্ট্রাইকারে দল সাজান তিনি। আইএসএলের শুরুতে প্রথম দু’ম্যাচে পাঁচ গোল হজম করেছিল বাগান ডিফেন্স। তারপর ক্রমশ ভরসা জোগাতে থাকেন আলড্রেড-রডরিগেজরা। তবে গত দু’ম্যাচে হঠাৎই ঘটে ছন্দপতন। কেরলের পর গোয়ার বিরুদ্ধেও জোড়া গোল হজম করে মোলিনা ব্রিগেড। প্রতিপক্ষের এই দুর্বলতা কাজে লাগিয়ে ঘরের মাঠে শুরুতেই আক্রমণের ঝড় তোলে পাঞ্জাব। তিন মিনিটে নিখিল প্রভুর ক্রস ক্রসবারে ধাক্কা খায়। দুই উইং-ব্যাকে আশিস আর শুভাশিসকে রীতিমতো নাকানি চোবানি খাওয়ালেন ভিদালরা। তারই ফসল, ১২ মিনিটে প্রান্তিক আক্রমণে গতি বাড়িয়ে বক্সে ঢুকে জাল কাঁপান রিকি (১-০)। এই গোলের ক্ষেত্রে আশিস রাইয়ের পাশাপাশি টম আলড্রেড দায় এড়াতে পারেন না।
শুরুতে পিছিয়ে পড়ে আক্রমণে গতি বাড়ায় মোহন বাগান। এই পর্বে বেশ কয়েকবার দলের নিশ্চিত পতন রোখেন পাঞ্জাব গোলরক্ষক রবি কুমার। তবে প্রথমার্ধে বেশ ছন্নছাড়া দেখায় জেমি ম্যাকলারেনকে। তারকা এই বিশ্বকাপার এখনও নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ। তবে বিরতির পর আরও একবার সেটপিস কাজে লাগিয়ে ম্যাচে লড়াইয়ে ফেরে সবুজ-মেরুন ব্রিগেড। ৪৮ মিনিটে কর্নার থেকে কামিংসের ভাসানো সেন্টারে হেডে জাল কাঁপান আলবার্তো (১-১)। আর তিন মিনিট বাদেই রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পাঞ্জাবের ভিদাল। আনুপাতিক সংখ্যা গরিষ্ঠার সুযোগ পায় মোহন বাগান। এরপর ৬৩ মিনিটে পেনাল্টি আদায় করেন অনিরুদ্ধ থাপা। পাঞ্জাবের প্রতিবাদে কান দেননি রেফারি।  স্পটকিক থেকে জাল কাঁপাতে ভুল হয়নি ম্যাকলারেনের (২-১)।
পিছিয়ে পড়েও লিড নিতেই ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের হাতে নেয় মোহন বাগান। এই পর্বে দু’দলই কিছুটা ফিজিক্যাল ফুটবল খেলতে থাকে। আপুইয়াকে ফাউল করে কার্ড দেখেন লুকা মাচেন। কোনওরকম ঝুঁকি না নিয়ে পরিবর্তনের পথে হাঁটেন মোলিনা। এরইমধ্যে ম্যাচে দ্বিতীয় গোলটি সেরে ফেলেন আলবার্তো। অনিরুদ্ধ থাপার সেন্টার থেকে হেডে লক্ষ্যভেদ এই স্প্যানিশ ডিফেন্ডারের (৩-১)। বৃহস্পতিবার চলতি আইএসএলে চতুর্থ হলুদ কার্ড দেখায় পরের ম্যাচে নেই আপুইয়া।
মোহন বাগান: বিশাল, আশিস, আলড্রেড, আলবার্তো, শুভাশিস, মনবীর, অনিরুদ্ধ, আপুইয়া (অভিষেক), লিস্টন, কামিংস (সুহেল) ও ম্যাকলারেন (সাহাল)।
পাঞ্জাব- ১        :     মোহন বাগান- ৩
(রিকি) (আলবার্তো-২, ম্যাকলারেন)
সম্পর্কিত সংবাদ