লন্ডন: অবশেষে শাস্তি পেলেন জানিক সিনার। ডোপিং কাণ্ডে তিন মাসের জন্য নির্বাসিত হলেন তিনি। গত বছর কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (ক্যাস) বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে ব্যান করার আবেদন জানিয়েছিল ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)। আত্মপক্ষ সমর্থনে ইতালিয়ান খেলোয়াড়টি জানান, মার্চে তিনি অজান্তে নিষিদ্ধ ওষুধ সেবন করেছিলেন। যাবতীয় পরিস্থিতি পর্যালোচনার পর তাঁকে স্বল্প সময়ের জন্য সাসপেন্ড করে ওয়াডা। আরোপিত শাস্তি মেনে নিয়েছেন সিনার। ৯ ফেব্রুয়ারি থেকে ৪ মে পর্যন্ত খেলতে পারবেন না তিনি। তবে স্বস্তির বিষয়, ফরাসি ওপেনে তাঁকে দেখা যাবে। কারণ, বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শুরু হবে ২৫ মে। শাস্তি শোনার পর সিনারের মন্তব্য, ‘অজান্তে ভুল হয়েছে। তাই এই ব্যাপারে নতুন কিছু বলার নেই। খেলতে না পারলেও এই পর্বে জোরকদমে অনুশীলন চালিয়ে যাব।’
Advertisement
গত বছর মার্চ মাসে ডোপ টেস্টের সময় সিনারের শরীরে নিষিদ্ধ ক্লোস্টবল পাওয়া যায়। তা সত্ত্বেও আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের গঠিত ট্রাইব্যুনাল তাঁকে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেয়। সিনার এরপর ইউএস ওপেনে অংশগ্রহণ করেন এবং চ্যাম্পিয়নও হন। তবে ওয়াডা বিষয়টির সঙ্গে সহমত ছিল না। তারা ক্যাস-এ এই ব্যাপারে অভিযোগ জানায়। তার ভিত্তিতেই নতুন করে শুনানি হয়। এক বিবৃতিতে ওয়াডা বলেছে, ‘সিনার ইচ্ছা করে ওষুধ সেবন করেননি। ভুলবশত এমনটা হয়েছে। তাই তাঁকে স্বল্প মেয়াদের সাসপেনসনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’ অস্ট্রেলিয়ান ওপেন জয়ী সিনার জানিয়েছেন, তাঁর শরীরে যে নিষিদ্ধ পদার্থ (ক্লোস্টবোল) পাওয়া গিয়েছে সেটা দিয়েছিলেন তাঁর ফিজিওথেরাপিস্ট। শরীরে কেটে যাওয়া অংশ সারানোর জন্য এই স্প্রে ব্যবহার করেছিলেন তিনি। আর তাতেই বিপত্তি।



