বেজিং: সীমান্ত সমস্যা নিরসনে আলোচনায় যোগ দিতে দু’দিনের সফরে বেজিং পৌঁছালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আজ, মঙ্গলবার সীমান্ত ইস্যুতে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন তিনি। সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিকস শীর্ষ সম্মেলন। চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সম্ভাব্য ভারত সফর ঘিরে কূটনৈতিক চর্চা চলছে। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘ভারত-চীনের মধ্যে ৩,৪৮৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দু’দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হবে বলে আশা করছি।’ চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ডোভাল।



