উৎসবের মরশুমে দরজার সাজ
  • ১৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুর্গাপুজোয় কীভাবে সাজাবেন বাড়ির দরজা? জেনে নিন সহজ উপায়।

Advertisement

আজ মহাসপ্তমী। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কেবল জামাকাপড়ই নয়, নতুন বেডকভার থেকে পরদা— জোরকদমে শপিং করেছে বাঙালি। এই ফেস্টিভ সিজনে ঘর সাজানোর সময় দরজার দিকে বাড়তি নজর দিতে হবে। তাহলে বাড়ির পুরো সাজে আসবে নতুন মাত্রা। কারণ ঘরে ঢোকার আগে প্রথমেই চোখে পড়বে দরজা। তাই সেটিই আপনার বাড়ির ‘ফার্স্ট ইমপ্রেশন’। কয়েকটি সহজ উপায়ে আপনার বাড়ির দরজা সাজিয়ে তুলতে পারেন। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।
রঙ্গোলি: উৎসবের সাজে রঙ্গোলির বিকল্প নেই। দরজার সামনে ছোটো রঙ্গোলি দিলে মুহূর্তে পরিবেশ হয়ে উঠবে উৎসবমুখর। চালের গুঁড়ো, রঙিন পাউডার বা ফুলের পাপড়ি দিয়ে তৈরি করতে পারেন নানা নকশা। সময় কম থাকলে রেডিমেড রঙ্গোলি স্টিকারও ব্যবহার করা যায়। দরজার রঙের সঙ্গে মিলিয়ে রঙ্গোলির রং বেছে নিলে সাজটি আরও সুন্দর দেখাবে।
ডোরবেল: না, এটি দরজার সাজের অংশ একেবারেই নয়। তবে আপনার বাড়ির ডোরবেলটি যদি হয় ইউনিক! তাহলে তা বাড়তি নজর কাড়তে বাধ্য। উৎসবের সময় খানিক নজর দিলেই ডোরবেল হয়ে উঠতে পারে আকর্ষণের কেন্দ্রবিন্দু। কাঠ, পিতলের তৈরি বিভিন্ন নকশার ডোরবেল লাগাতে পারেন পুজোর আগে। চাইলে পুরানো ডোরবেলের চারপাশে ছোটো ফুল, পাতা বা রিবন দিয়ে সাজিয়ে নিতে পারেন। তবে সাজের পাশাপাশি ডোরবেলটি যেন সহজে ব্যবহার করা যায়, সেদিকেও খেয়াল রাখবেন। 
নেমপ্লেট: কাঠের উপর খোদাই করা নাম, মেটাল নেমপ্লেট বা আধুনিক নানা ডিজাইন বেছে নিতে পারেন। বাড়ির ধরন অনুযায়ী বেছে নিন নেমপ্লেট। পুজোর সময় তা দরজার সৌন্দর্য বাড়াবে। পুরানো নেমপ্লেটকে সাজিয়ে নিতে পারেন ফুল, আলো দিয়েও।  
পোস্টবাক্স: অনেক বাড়ির দরজার পাশেই থাকে পোস্টবাক্স। সামান্য চেষ্টাতেই সেটিকে নজরকাড়া করে তুলতে পারেন। কাঠের বা মেটালের পোস্টবাক্সে মানানসই ছোটো স্টিকার, নকশা বা রিবন ব্যবহার করতে পারেন। 
রংবাহার: রং-তুলির কাজে আপনি সাবলীল হলে দরজায় সুন্দর ছবি আঁকতে পারেন। বর্তমানে ইন্টারনেটে এই ধরনের ডোর আর্ট ভীষণ ট্রেন্ডিং। বিভিন্ন ধরনের মোটিফ, নকশা এঁকে নিলে সুন্দর দেখাবে দরজা। কিনে নিতে পারেন ডোর স্টিকারও। সেগুলিও আপনার বাড়ির দরজার আলাদা সৌন্দর্য তৈরি করবে। 
এছাড়াও দরজার দু’পাশে ছোটো টবে গাছ, ফুলের মালা বা লতাপাতা রাখতে পারেন। সন্ধ্যার জন্য দরজার চারপাশে টুনি লাইট লাগালে তা আরও আকর্ষণীয় লাগবে। হাতের কাছে কিছুই না থাকলে বড়ো গাঁদা ফুলের মালায় সাজিয়ে দিন বাড়ির সদর দরজা। • নিজস্ব প্রতিনিধি