নয়াদিল্লি: দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ডাকা ছাত্র বিক্ষোভে পুলিশ ‘অত্যধিক বলপ্রয়োগ’ করেছে। এই অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের আরজি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, দিল্লির ছাত্র বিক্ষোভে পুলিশি ‘অত্যাচার’ মামলা শুনতে চায় না সুপ্রিম কোর্ট। আইনজীবী নরেন্দ্র মিশ্র আদালতের কাছে জরুরি ভিত্তিতে বিষয়টির শুনানির আবেদন জানান। তিনি বলেন, ছাত্রদের উপর পুলিশের অত্যাচারের একাধিক ভিডিয়ো তাঁর কাছে রয়েছে। তবে প্রধান বিচারপতি সেই আবেদন নাকচ করে বলেন, ‘ভিডিয়ো দেখতে আমারা আগ্রহী নই। সেই সময়ও নেই। আমাদের সময় নষ্ট করবেন না, আপনাদেরও না।’ উল্লেখ্য, সোমবার সিজেপির অভিযান আটকাতে পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। সাধারণ পোশাকেও অনেকে লাঠিচার্জ করেছেন বলে অভিযোগ। এরই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আবেদন জানান আইনজীবী নরেন্দ্র। তাঁর মূল অভিযোগ ছিল, শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের পদক্ষেপে নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। পাশাপাশি, একজন বর্তমান বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ এবং অভিযুক্ত দিল্লি পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদনও জানানো হয়। যা শুনতেই রাজি হয়নি শীর্ষ আদালত।



