


মুম্বই: বিশ্ব ক্রিকেটে এখন শুধুই নীল সাম্রাজ্য! পুরুষ, মহিলা বা বয়সভিত্তিক— সব বিভাগেই দাপট দেখাচ্ছে ভারত। আর এমন আবহে ঈশান কিষান, স্মৃতি মান্ধানাদের বিশেষ বার্তা দিলেন রোহিত শর্মা। টি-২০ মুম্বই লিগের অনুষ্ঠানে এসে তিনি বলেন, ‘গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেটের সাফল্যে অভিভূত। পুরুষ দল পরপর দু’বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন। মহিলা টিম দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ জিতেছে। এখান থেকে পিছনে ফেরার জায়গা নেই। আমরা যে ছন্দের কথা বলি। তা পুরুষ-মহিলা দল পেয়ে গিয়েছে। সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবার এগিয়ে যেতে হবে। থামলে চলবে না।’
শনিবার মুম্বইয়ের টি-২০ লিগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোহিত। সেখানে সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ জানিয়েছেন হিটম্যান। তাঁর সংযোজন, ‘ক্রিকেটারদের পিছনে আরও একটা দল থাকে। তারা সেভাবে কৃতিত্ব পায় না। কিন্তু সাফল্যের নেপথ্যে তাদের অবদান অনেক। কোচ ও সাপোর্ট স্টাফদের ছাড়া বিশ্বজয় সম্ভব হতো না।’ পাশাপাশি নতুন প্রজন্মের উদ্দেশ্যে রোহিতের বার্তা, ‘আমাদের দেশে অনূর্ধ্ব-১৪ থেকেই প্রতিযোগিতা শুরু। সেখান থেকে সিনিয়র দলে জায়গা পেতে ভাগ্যেরও প্রয়োজন হয়। এমন অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে, যারা জাতীয় দলে সুযোগ পাচ্ছে না। তাদের উদ্দেশে একটাই কথা বলব, কঠোর পরিশ্রম করে যাও।’
এদিকে, টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরকে সতর্ক করেছেন সৌরভ গাঙ্গুলি। ভারতের প্রাক্তন অধিনায়কের কথায়, ‘গম্ভীরের দক্ষতা নিয়ে সংশয়ের অবকাশ নেই। তবে সাদা বলের ক্রিকেটে ওর অ্যাসিড টেস্ট হতে চলেছে ২০২৭ ওডিআই বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকার পিচ ও পরিবেশ সম্পূর্ণ আলাদা। অবশ্য ওর হাতে যে টিম রয়েছে, তাতে আমি আশাবাদী যে, ওডিআই বিশ্বকাপেও দারুণ কিছু করবে ভারত।’
সাদা বলের ক্রিকেটে দাপট দেখালেও টেস্টে গম্ভীরের অধীনে ভারতের পারফরম্যান্স রীতিমতো হতাশাজনক। ইংল্যান্ডে গিয়ে সিরিজ ড্র করলেও, দেশের মাটিতে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল ভারত। বর্ডার গাভাসকর ট্রফিতেও হারের তেতো স্বাদ পান ঋষভ পন্থরা। এই প্রসঙ্গে সৌরভ বলেন, ‘লাল বলের ক্রিকেটে গম্ভীর-ব্রিগেডের আরও উন্নতির প্রয়োজন। পিচ নিয়ে গম্ভীর খুব বেশি ভাবে। পিচকে সমীকরণের বাইরে রাখতে হবে। ঘরের মাঠে র্যাঙ্ক টার্নারে ম্যাচ খেলার প্রয়োজন নেই। ইংল্যান্ড সিরিজের কথাই ভাবুন। বিদেশের মাটিতে কী অসাধারণ খেলেছিল শুভমান গিলরা। তাই পিচ নিয়ে না ভেবে সেরাটা উজাড় করে দেওয়ার দিকে নজর দিক টিম ইন্ডিয়া।’