অযোধ্যা ও লখনউ: অযোধ্যায় রামমন্দিরে ভক্তদের দানের নগদ টাকা ও সোনা, রুপো সহ মহার্ঘ অলঙ্কার চুরির অভিযোগ। মন্দিরের প্রাক্তন চিফ অ্যাকাউন্টস অফিসার মহিপাল সিংয়ের বিস্ফোরক দাবি ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর অভিযোগ, মন্দির ট্রাস্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর তাঁকেই সরিয়ে দেওয়া হয়। মহিপালের দাবি, মন্দির চত্বরের সিসিটিভি ফুটেজের অংশও ইচ্ছাকৃতভাবে ডিলিট করা হয়েছে। সোনা, রুপো ও অন্যান্য বহুমূল্য দানসামগ্রীর কোনো স্বচ্ছ ডিজিটাল রেকর্ড নেই। এই প্রসঙ্গ তুলে সরব সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবও। তাঁর অভিযোগ, অনিয়মের পরিমাণ সব মিলিয়ে ৫ থেকে ৭ কোটি টাকা হতে পারে। বিষয়টি নিয়ে শোরগোল তুঙ্গে ওঠায় এবার ড্যামেজ কন্ট্রোলে নামল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে ট্রাস্টের আরজি, চুরির অভিযোগ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের স্বার্থে সিট গঠন করা হোক। সমস্ত অভিযোগকে ‘গুজব’ বলে দাবি করে ট্রাস্টের বক্তব্য, গোটা বিষয়টির সঙ্গে দেশ ও দেশের বাইরের অগণিত ভক্তের আবেগ জড়িয়ে। তাই এবিষয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। উত্তরপ্রদেশ সরকারের এক মুখপাত্রও জানিয়েছেন, ডোনেশন বক্সগুলি থেকে টাকা চুরির গুজব নিয়ে সন্দেহ নিরসনে ট্রাস্টের তরফে তদন্তের আরজি জানানো হয়েছে।



