নয়াদিল্লি: অন্য মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে স্বামীর। কিন্তু তা সত্ত্বেও ছেলের এই অন্যায়ে দিনের পর ‘প্রশ্রয়’ দিয়েছেন শ্বশুরমশাই। কারণ, তিনি ছেলেকে আটকাতে পারেননি। এই যুক্তি দেখিয়েই গার্হস্থ্য হিংসার মামলায় শ্বশুরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছিলেন পুত্রবধূ। যদিও তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। এই ইস্যুতে নিম্ন আদালতের রায়ই বহাল রেখেছেন হাইকোর্টের বিচারপতি মধু জৈন। তিনি বলেছেন, সাবালক ছেলের আচার-আচরণ নিয়ন্ত্রণ করতে না পারার জন্য গার্হস্থ্য হিংসার মামলায় শ্বশুরকে আইনানুগ দায়ী করা যায় না। সাবালক পুত্রের বৈবাহিক অসদাচরণে তাঁর পিতার ভূমিকা নেই। এক্ষেত্রে গার্হস্থ্য হিংসার ঘটনায় শ্বশুরমশাইয়ের তরফ থেকে কোনো হুমকি বা বিপদ এসেছিল বলেও কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে এই আইনের ধারা ৩-এর অন্তর্গত অপমান, অপদস্ত ও হেনস্তা ঘটেছে, এমনটাও বলা যাচ্ছে না।



