সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরে গৃহস্থালি কাজের জন্য নেওয়া পানীয় জল আর বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না। দোকান বা অন্য কোনো বাণিজ্যিক কাজে জল ব্যবহার করতে হলে কর্মাশিয়াল কানেকশন নিতে হবে। সেজন্য পুরসভায় আবেদন করতে হবে। নাহলে বাড়ির পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করবে পুরাতন মালদহ পুরসভা। অভিযোগ, অনেক সময় অনেক বাড়িতে পানীয় জলের সংযোগের মুখে মোটর লাগিয়ে অবৈধভাবে পানীয় জল তোলা হয়। যা পুরোপুরি বেআইনি। পুরসভার হুঁশিয়ারি, মোটর খুলে রাখতে হবে।
শহরের সাবমার্সিবল বসানো নিয়েও ভুরি ভুরি অভিযোগ। পুরসভার সাফ কথা, শহরের কোনো বাড়িতে সাবমার্সিবল বসাতে হলে অনুমতি নিতে হবে। পানীয় জলের যথেচ্ছ ব্যবহার রুখতে পুরসভার তরফে ওয়ার্ড ওয়ার্ডে মাইকিং শুরু হয়েছে।
পুরসভার এক অফিসার বলেন, জলের কানেকশন নিয়ে যা খুশি তাই করা যাবে না। কিছু নিয়ম রয়েছে। সেসব মানতেই হবে। শহরের মানুষকে সতর্ক করতে মাইকিং শুরু হয়েছে। নিয়ম না মানলে পরবর্তীতে আইন অনুযায়ী পদক্ষেপ হবে।
কয়েক মাস ধরে পানীয় জল নিয়ে সমস্যা হচ্ছে পুরাতন মালদহ শহরে। ওয়ার্ডের প্রতিটি বাড়িতে দু’বেলা জল দেওয়ার কথা থাকলেও কোনোদিন এক বেলা দেওয়া হচ্ছে। আবার অনেক সময় জলই পাওয়া যাচ্ছে না। এতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শক্রঘ্ন সিনহা বর্মা বলেন, শহরের ২০ টি ওয়ার্ডের মানুষকে সুষ্ঠুভাবে পানীয় জল দিতে পুরসভা বদ্ধ পরিকর। তাই একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।