নয়াদিল্লি, ১ সেপ্টম্বর: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে লাগাতার উর্ধ্বমুখী বিমানের জ্বালানির দাম। নতুন মাসের শুরুতেই ফের এক ধাক্কায় বাড়ল আন্তর্দেশীয় বিমানের জ্বালানি অর্থাৎ অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের দাম। এবার এক ধাক্কায় ৫.৪৬ শতাংশ অর্থাৎ লিটার প্রতি ৬.২৮ টাকা বাড়ল এটিফের দাম। আগে যেই দাম লিটার প্রতি ১১৫ টাকা ছিল সেটি এখন গিয়ে দাঁড়াল ১২১.২৮ টাকায়।
এর আগে ১ অগস্টও এটিফের দাম লিটার প্রতি প্রায় ৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন দাম ১১০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়। তার আগে জুলাই মাসে অবশ্য এর দাম লিটার প্রতি ৫ টাকা কমানো হয়েছিল। অর্থাৎ লাগাতার দাম বাড়া কমা নিয়ে উদ্বেগে বিমান সংস্থাগুলি। বিমান সংস্থাগুলির মোট ব্যয়ের একটি বড় অংশই জ্বালানির পিছনে খরচ হয়। ফলে জ্বালানির দামে সামান্য পরিবর্তন হলেই সংস্থাগুলির ওপর বেশ প্রভাব পড়ে।
এটিফ এর দাম বৃদ্ধির প্রভাব বিমান ভাড়াতেও পড়ার সম্ভাবনা রয়েছে। তবে জ্বালানির দাম বাড়লেই যে তার পুরোটা যাত্রীদের উপর চাপিয়ে দেওয়া হবে, এমন নয়। বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে যাত্রীদের চাহিদা, বিভিন্ন বিমান সংস্থার মধ্যে প্রতিযোগিতা, কোনও রুটে বিমানের আসনসংখ্যা এবং বুকিংয়ের প্রবণতার মতো একাধিক বিষয় কাজ করে। তাই এটিফ এর দাম বৃদ্ধির পর বিমান ভাড়া কতটা বাড়বে, তা বাজার পরিস্থিতির উপর নির্ভর করবে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার মধ্যেই ভারতে এটিফের এই মূল্যবৃদ্ধি কিছুটা উদ্বেগের সৃষ্টি করেছে। মঙ্গলবার পশ্চিম এশিয়ায় ফের সংঘর্ষ শুরু হওয়ায় বিশ্ব বাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে অপরিশোধিত তেলের দামও বেড়েছে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও হামলার হুঁশিয়ারি দেন। তার আগে রবিবার এক মাসের মধ্যে প্রথমবারের মতো আমেরিকা ও ইরানের মধ্যে সরাসরি হামলা পালটা হামলার ঘটনা ঘটে। এর জেরে পশ্চিম এশিয়ায়র পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে এবং বিশ্ব বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে।
আগস্ট মাসজুড়েও অপরিশোধিত তেলের বাজারে অস্থিরতা দেখা গিয়েছে। পশ্চিম এশিয়ায় সংঘাত থামানোর বিভিন্ন প্রচেষ্টা এবং ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়তি অর্থনৈতিক চাপের প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। এই পরিস্থিতিতে আগামী দিনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং তার প্রভাব ভারতে এটিফ ও বিমান ভাড়ার উপর কতটা পড়ে এখন সেদিকেই নজর সবার।