নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্র্যাকটিসিং হোন বা নন প্র্যাকটিসিং—সরকারি চিকিৎসক ও শিক্ষক চিকিৎসকরা সপ্তাহে তিনদিন প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। পরপর তিনদিন প্র্যাকটিস করতে পারবেন না তাঁরা। ঠিক কোন তিনদিন? সংশ্লিষ্ট চিকিৎসকের অ্যাডমিশন ডে (যেদিন সেই চিকিৎসকের আউটডোর, রাউন্ড, ইনডোর এবং অপারেশন বা প্রসিডিয়োর থাকে। তাঁর অধীনে রোগী ভরতি হয়) এবং তার পরবর্তী আরও দুদিন এই নির্দেশ বলবৎ হবে। সোমবার এক নির্দেশ জারি করে একথা জানিয়েছে স্বাস্থ্যদপ্তর। দপ্তরের এক পদস্থ সূত্রের খবর, আপাতত মেডিকেল এডুকেশন সার্ভিসের ক্ষেত্রে এই নির্দেশ জারি হলেও শীঘ্রই হেলথ সার্ভিসের অ-শিক্ষক চিকিৎসকরাও এই নির্দেশের আওতায় আসবেন। দুই সার্ভিস মিলিয়ে প্রায় ১২-১৩ হাজার সরকারি চিকিৎসকের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। কেন এই নির্দেশ নেওয়া হল, তার ব্যাখায় ওই নির্দেশে বলা হয়েছে, প্রত্যেক সরকারি চিকিৎসক অ্যাডমিশন ডে’র দিন যেসব রোগীকে ভরতি করলেন, তাঁদের পরবর্তী দুদিন বা ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণ ও নজরদারি প্রয়োজন। তাই রোগীর স্বার্থে এই নির্দেশ নেওয়া হয়েছে।



