সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট জেলা হাসপাতালের ১২ টি আবাসন রয়েছে। যার মধ্যে রয়েছে অন্তত ১০০ রুম। কিন্তু বেশিরভাগ রুম ফাঁকা ও পরিত্যক্ত। অভিযোগ, রুমগুলির অবস্থা একেবারে বেহাল। যা থাকার উপযোগী নয়। অনেক রুমের ছাদ থেকে জল চুইয়ে পড়ে। অনেক রুমের ভিতরে নোংরা এবং দেওয়াল আগাছায় ভরেছে। মাঝেমধ্যে সাপের দেখাও মিলছে। ফলে হাসপাতালের অধিকাংশ কর্মী এবং চিকিৎসক ওই আবাসন ব্যবহার করতে পারছেন না। হাতেগোনা চিকিৎসক, নার্স ও কর্মী ওই ঘর ব্যবহার করছেন। বালুরঘাট জেলা হাসপাতালের জীর্ণ, বেহাল আবাসন দ্রুত সংস্কারের দাবি উঠছে। হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন, আবাসন সংস্কারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পূর্তদপ্তরেও বিষয়টি জানাব।
বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে ১২টি বিল্ডিং রয়েছে। তাদের মধ্যে হাসপাতালের চিকিৎসকদের জন্য চারটি বিল্ডিং রয়েছে। সেগুলিতে মোট ১৬টি রুম রয়েছে। কিন্তু ব্যবহার করেন হাতেগোনা কয়েকজন চিকিৎসক। হাসপাতালের গ্রুপ সি এবং নার্সদের জন্য পাঁচটি বিল্ডিং রয়েছে। সেখানে মোট ৪০ টি রুম রয়েছে। গ্রুপ ডি কর্মীদের জন্য তিনটি বিল্ডিংয়ে প্রায় ৪৮ টি রুম রয়েছে।
সবমিলিয়ে একশোর বেশি রুম রয়েছে। যার মধ্যে মাত্র ৬০ জন হাসপাতালের আবাসন ব্যবহার করেন বলে জানা গিয়েছে। অধিকাংশ চিকিৎসক, নার্স এবং কর্মী আবাসন ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ। অভিযোগ, রুম ফাঁকা থাকলেও তা বসবাসের অযোগ্য। বর্ষায় পরিত্যক্ত রুমগুলিতে জল ঢুকে পড়ে। পলেস্তারা খসে পড়ছে। ছাদ চুইয়ে ঘরে জল পড়ে। বিল্ডিংয়ের চারপাশ জঙ্গলে ভরে থাকায় পোকামাকড়ের উত্পাত।
হাসপাতালের এক কর্মী বলেন, বেশিরভাগ রুম ফাঁকা এবং পরিত্যক্ত। থাকার উপযোগী নয়। নীচুতলার ঘরগুলি ব্যবহার করা যায় না। উপরতলার বেশ কয়েকটি ঘর ব্যবহার হয়। বাধ্য হয়ে আমাদের হাসপাতালের বাইরে থাকতে হয়।
হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যে বেশ কয়েকটি আবাসন বসবাসের অনুপযুক্ত। সেই আবাসনগুলি ভেঙে নতুন করে নির্মাণ করা হতে পারে। বেহাল আবাসন। -নিজস্ব চিত্র