নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গার পর এবার দিব্যা! সুড়ঙ্গ পথ খোঁড়ার শেষে বেরিয়ে এল টানেল বোরিং মেশিন (টিবিএম) দিব্যা। যা বড়োসড়ো সাফল্য হিসাবেই দেখছে কলকাতা মেট্রো। মঙ্গলবার বেলা বারোটা নাগাদ ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনে পৌঁছয় দিব্যা। সেখানে তখন উপস্থিত ছিলেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা, মেট্রো রেল ও রেল বিকাশ নিগমের আধিকারিকরা। সকলে উচ্ছ্বাস প্রকাশ করেন। রেল সূত্রে জানা গিয়েছে, এই নিয়ে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত দ্বিতীয় সুড়ঙ্গ খনন সম্পূর্ণ হল। কলকাতা মেট্রোর সাফল্যের মুকুটে নতুন পালক পার্পল রুট। প্রকল্পের কাজ চলছে দ্রুত গতিতে। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ হবে বলেই মনে করছে কর্তৃপক্ষ।
গত বছর ১১ অক্টোরব এই সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হয়েছিল। ১.৭২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এদিন টিবিএম ভিক্টোরিয়া পৌঁছল। এর আগে গত ১০ জুলাই টিবিএম ‘দুর্গা’ ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনে পৌঁছেছিল। এবারে পৌঁছল দিব্যা। মেশিনটির দৈর্ঘ্য প্রায় ৯৫ মিটার এবং ওজন ৬০০ টন।
দিব্যা গন্তব্যে পৌঁছনোর ফলে জোকা-এসপ্ল্যানেড মেট্রো রুটের কাজ অনেকটা এগিয়ে গেল বলেই দাবি করা হয়েছে মেট্রোর তরফে। এই প্রসঙ্গে প্রেম সাগর গুপ্তা ধন্যবাদ জানান প্রকল্পের সঙ্গে যুক্ত সকলকে। তিনি বলেন, ‘শহরের জনজীবন, যানবাহন চলাচল ব্যাহত না করে এই কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। সকলকে ধন্যবাদ।’ রেল সূত্রে জানা গিয়েছে, খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত ১.৭২ কিলোমিটারের সুড়ঙ্গ খোঁড়া সম্পূর্ণ হল। এরপর ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট অংশের ৯০০ মিটার সুড়ঙ্গ তৈরি করবে এই মেশিনটি। সেখান থেকে লাইনটি এসপ্ল্যানেডের সঙ্গে যুক্ত হবে।-নিজস্ব চিত্র