নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এএনপিআর ক্যামেরার (অটোমেটিক নম্বর প্লেট রেকগনিশন ক্যামেরা) জন্য সিম কেনা ও নেট সংযোগের জন্য টাকা চেয়ে বিভিন্ন জেলা থেকে আবেদন আসতে শুরু করেছে নবান্নে। সিমের মাধ্যমে ইন্টারনেট কানেকশন না হলে লাইভ ফিড পাওয়া সম্ভব নয়। পুজোর আগেই এই ক্যামেরাগুলি সক্রিয় করতে চাইছে বিভিন্ন জেলা। এর মাধ্যমে গোটা এলাকায় নজরদারি চালানোর পাশাপাশি অপরাধ ঘটলে ফিড দেখে দ্রুত কিনারা করা যাবে।
কেন্দ্রের টাকায় রাজ্যের নতুন সরকার বিভিন্ন কমিশনারেট এলাকায় এএনপিআর ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে। এআই প্রযুক্তি সম্পন্ন এই ক্যামেরা যে কোনো গাড়ির নম্বর প্লেট পড়তে পারে অনায়াসেই। কম আলোতেও এই ক্যামেরা কাজ করতে পারে। এমনকি, অপরাধী হেঁটে গেলে তার ছবি অত্যন্ত স্পষ্টভাবে নিতে সক্ষম এই ক্যামেরা। এই ক্যামেরাগুলি সংযুক্ত করা হয়েছে বিভিন্ন জেলার কন্ট্রোল রুমের সঙ্গে। এএনপিআর ক্যামেরা থেকে লাইভ ফিড আসার জন্য ইন্টারনেট সংযোগের দরকার। কিন্তু অধিকাংশ জায়গাতেই এই নেট সংযোগ দেওয়া যায়নি। তাই ক্যামেরায় সমস্ত ছবি ধরা পড়লেও তার লাইভ ফিড আসছে না। ফুটেজ দেখতে গেলে ক্যামেরার স্টোরেজ থেকে ছবি নিতে হচ্ছে। কিন্তু পুজোর সময় এই ক্যামেরাগুলি থেকে লাইভ ফিড আসা অত্যন্ত জরুরি। যাতে ক্যামেরায় চোখ রেখে নজরদারি চালানো যায়। একইসঙ্গে বেপরোয়া গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন জেলার অফিসাররা। পুজো বাদে অন্য সময়েও সরাসরি ছবি আসা প্রয়োজন অপরাধ বা অপরাধীদের মোকাবিলায়। সেই কারণে সিম ও নেট সংযোগের জন্য টাকা চেয়ে জেলাগুলি দরবার শুরু করেছে নবান্নের কাছে। সিমগুলি যেহেতু সরকারি কোটায় কেনা হবে, তার পুরো খরচ বহন করবে রাজ্য। একইসঙ্গে শুধুমাত্র পূজোর সময় নয়, সারা বছর নেট কানেকশন রিচার্জ করানো দরকার, যাতে লাইভ ফিডের ক্ষেত্রে সমস্যা না হয়। সেকথা মাথায় রেখেই এককালীন টাকা চাওয়া হচ্ছে। সূত্রের খবর, এই সংক্রান্ত টাকা দেওয়া শুরু হয়েছে ধাপে ধাপে। আগামী দিনে এর জন্য আলাদা বাজেটও তৈরি করছে রাজ্য পুলিশ, যাতে নতুন সিম কেনা বা নেট রিচার্জের ক্ষেত্রে টাকার কোনো ঘাটতি না থাকে।



