Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

দুর্গাপুজোর আগেই ১৮ লক্ষ উপভোক্তাকে মজুরির ২৭ হাজার টাকা করে দেওয়া শুরু

‘পশ্চিমবঙ্গ আবাস’-এর সুবিধা প্রাপকদের বাড়ি তৈরির মজুরি বাবদ ২৭ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

দুর্গাপুজোর আগেই ১৮ লক্ষ উপভোক্তাকে মজুরির ২৭ হাজার টাকা করে দেওয়া শুরু
  • ৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘পশ্চিমবঙ্গ আবাস’-এর সুবিধা প্রাপকদের বাড়ি তৈরির মজুরি বাবদ ২৭ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় প্রধানমন্ত্রী আবাস যোজনার মতোই পশ্চিমবঙ্গ আবাস (গ্রামীণ এলাকায় রাজ্যের অর্থে তৈরি বাড়ি) প্রাপকদের ‘১২৫ দিনের কাজ’ বা ‘ভিবি জি রামজি’ প্রকল্প থেকেই মজুরি বাবদ এই অর্থ দেওয়া হবে। সূত্রের খবর, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকও রাজ্যের এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে। এই অবস্থায় দুর্গাপুজোর আগেই প্রায় ১৮ লক্ষ ৬৫ হাজার ‘পশ্চিমবঙ্গ আবাস’ প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে চাইছে রাজ্য। জানা গিয়েছে, শুক্রবার পঞ্চায়েত দপ্তরের মৃত্তিকা ভবনে বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সেই বৈঠকেও পুজোর আগেই টাকা পাঠিয়ে দেওয়ার ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে বলে খবর। 

Advertisement

রাজ্যে পালাবদলের পর প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের নয়া উপভোক্তা তালিকা তৈরি করছে রাজ্য। তবে পূর্বতন সরকারের আমলে রাজ্যে এই প্রকল্প দীর্ঘদিন বন্ধ থাকায় নিজস্ব আবাস প্রকল্প চালু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পালাবদলের পর রাজ্যের সেই প্রকল্পের নাম বদলে রাখা হয়েছে ‘পশ্চিমবঙ্গ আবাস’। তারই ১৮ লক্ষ ৬৫ হাজার উপভোক্তাকে ক্ষমতায় এসে দ্বিতীয় কিস্তির টাকা দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। এবার তাঁদের মজুরি বাবদ অর্থও পাইয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে এঁদের গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড থাকা বাধ্যতামূলক। একই সঙ্গে আধার সংযুক্তিকরণও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এসব সরকারি প্রক্রিয়া সম্পূর্ণ করতে কেন্দ্রের তরফে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। এ বিষয়ে রাজ্যের এক পদস্থ কর্তা বলেন, ‘ডবল ইঞ্জিন সরকার হওয়ায় পশ্চিমবঙ্গবাসীর কাছে এই সমস্ত সুযোগসুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে। ফলে আমরা আশাবাদী, দুর্গাপুজোর আগেই মজুরি বাবদ অর্থ দেওয়ার কাজ শুরু হয়ে যাবে।’ 
একজন আবাস প্রাপক ৯০ দিনের মজুরি (দুর্গম এলাকায় ৯৫ দিন) পাবেন। একদিনের মজুরি ৩০০ টাকা। ফলে মজুরি বাবদ প্রায় ২৭ হাজার টাকা করে পাবেন এক-একজন উপভোক্তা। তবে একলপ্তেই ৯০ দিনের টাকা মিলবে না। পর্যায়ক্রমে এই অর্থ দেওয়াটাই নিয়ম বলে জানা গিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ