জমি জটের জেরে আলিপুরদুয়ার-১ ব্লকের পলাশবাড়িতে বন্টন কোম্পানির সাব স্টেশন তৈরির উদ্যোগ মুখ থুবড়ে পড়ে আছে। ওই সাব স্টেশন তৈরির জন্য ১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সাব স্টেশনের জন্য পলাশবাড়ি ও মেজবিল এলাকায় সরকারি খাস জমি মাপ করতে গেলেই স্থানীয়রা বাধা দিচ্ছে বলে বন্টন কোম্পানির তরফে অভিযোগ করা হয়েছে। প্রতি বছর শালকুমার-১, ২ ও পূর্ব কাঁঠালবাড়ি তিনটি গ্রাম পঞ্চায়েতে লো ভোল্টেজ সমস্যা মেটাতে এই সাব স্টেশন তৈরির উদ্যোগ নিয়েছে বন্টন কোম্পানি। লো-ভোল্টেজ সমস্যার জেরে পর্যটকদের নিয়ে প্রতি বছর বিপাকে পড়তে হয় জলদাপাড়া জঙ্গলের পাশে শালকুমারের রিসর্ট, লজ ও হোমস্টে মালিকদের। কিন্তু টাকা পড়ে থাকলেও জমিজটে আটকে আছে সাব স্টেশন তৈরির উদ্যোগ।



