Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পঞ্জিকা-মিষ্টি বিলি, বাংলা বাঁচাতে বাঙালি অস্মিতায় শান তৃণমূলের

বিধানসভা নির্বাচনে বাঙালি অস্মিতা, বাংলার কৃষ্টি-সংস্কৃতি রক্ষার লড়াই এবার বড়ো ইস্যু। বাংলা নববর্ষে সেই যুদ্ধেই ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল।

পঞ্জিকা-মিষ্টি বিলি, বাংলা বাঁচাতে বাঙালি অস্মিতায় শান তৃণমূলের
  • ১৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: বিধানসভা নির্বাচনে বাঙালি অস্মিতা, বাংলার কৃষ্টি-সংস্কৃতি রক্ষার লড়াই এবার বড়ো ইস্যু। বাংলা নববর্ষে সেই যুদ্ধেই ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। তারা বেণীমাধব শীলের পঞ্জিকা, বাঙালি মিষ্টি, শুভেচ্ছাপত্র ও বাংলা ক্যালেন্ডার বিলি করছে বাড়ি বাড়ি। এছাড়া নববর্ষে প্রভাত ফেরি ও সন্ধ্যায় গানের আসরেরও আয়োজন করছে। উত্তর শহরতলির বিভিন্ন জায়গায় এসব নিয়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। সিপিএমও প্রভাতফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের  আয়োজন করছে। দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে পঞ্জিকা, শুভেচ্ছাপত্র ও মিষ্টি দেওয়া হচ্ছে। কাউন্সিলার সঞ্জয় দাস প্রায় চারহাজার পঞ্জিকা আনিয়েছেন। এছাড়াও আনা হয়েছে হিন্দি পঞ্জিকা। ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ও পুরসভার চেয়ারম্যান কস্তুরী চৌধুরী বাড়ি বাড়ি মিষ্টির প্যাকেট ও নববর্ষের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন। ১৪ নম্বর ওয়ার্ডে অধ্যাপক ও চিকিৎসকদের সঙ্গে বৈঠকি আড্ডায় বসবেন নাগরিকরা। হবে নাচ-গান।  উত্তর দমদমের নিমতায় তৃণমূল শোভাযাত্রার আয়োজন করছে। ঢাক, শঙ্কধ্বনি, উলুধ্বনিতে মুখর থাকবে এলাকা। বিলি করা হবে বাংলা পকেট ক্যালেন্ডার। পানিহাটির ২৩ নম্বর ওয়ার্ডে হারিয়ে যাওয়া বাংলা গান নিয়ে বসবে আসর। কাউন্সিলার সম্রাট চক্রবর্তী এর উদ্যোক্তা। অনুষ্ঠানের নাম, ‘চা, আড্ডা আর একটু বাঙালিয়ানা’। বাংলার প্রতিষ্ঠিত গায়করা সেখানে আসবেন। গাইবেন স্থানীয় শিল্পীরাও। এছাড়াও উত্তর শহরতলির সবকটি পুরসভার ওয়ার্ডে প্রভাতফেরি, বসে আঁকো, কবিতা ও গানের আসর বসবে। সিপিএমও করবে প্রভাতফেরি, গান  ও সাংস্কৃতির অনুষ্ঠান। বিজেপি কিছু অনুষ্ঠান করবে। প্রচারের ফাঁকে প্রার্থীরা সেখানে যাবেন।  বাঙালিয়ানা নিয়ে বরানগর বিধানসভার সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র বলেন, ‘বাঙালি অস্মিতা ও গৌরব ম্লান হয়েছে তৃণমূলের জমানায়। বাড়িতে পঞ্জিকা পাঠাক বা মিষ্টি, মানুষ ভুলবে না।’ বিজেপির উত্তর শহরতলি জেলা সভাপতি চণ্ডীচরণ রায় বলেন, ‘দেশ তথা বিশ্বের দরবারে বাঙালির সম্মান ভূলুণ্ঠিত করেছে তৃণমূল। মিষ্টি পাঠিয়ে মানুষের মন গলাতে পারবে না।’ তৃণমূলের মুখপাত্র সম্রাট চক্রবর্তী বলেন, ‘কাল মার্কসের দর্শনে চলা দল বা হেডগেওয়ারের আদর্শে চলা দল বাঙালি অস্মিতা, গৌরব ও সংস্কৃতি নিয়ে যত কম বলে ততই ভালো। বাঙালির অস্তিত্ব, কৃষ্টি ও সংস্কৃতি রক্ষার লড়াইয়ে বাংলার একমাত্র ভরসা তৃণমূল।’  দক্ষিণ দমদমে মিষ্টি বিলি। নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ