Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পুকুরঘাটের রাস্তা নিয়ে বিবাদ, সংঘর্ষে জখম একাধিক মহিলা

পুকুরঘাটে যাওয়ার রাস্তা চওড়া করা নিয়ে বিবাদের জেরে বুধবার উত্তপ্ত হয়ে উঠল জগৎবল্লভপুরের গোবিন্দপুর বাটন এলাকা।

পুকুরঘাটের রাস্তা নিয়ে বিবাদ, সংঘর্ষে জখম একাধিক মহিলা
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পুকুরঘাটে যাওয়ার রাস্তা চওড়া করা নিয়ে বিবাদের জেরে বুধবার উত্তপ্ত হয়ে উঠল জগৎবল্লভপুরের গোবিন্দপুর বাটন এলাকা। দু’পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচ-ছ’জন মহিলা আহত হয়েছেন বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা পম্পা ঘরামি নিজের জমিতে নতুন বাড়ি তৈরি করছিলেন। অভিযোগ, সেই সময় এলাকার কয়েকজন মহিলা এসে কাজে বাধা দেন। তাঁদের দাবি, ওই বাড়ির পাশ দিয়ে পুকুরঘাটে যাওয়ার রাস্তা চার ফুট নয়, ছ’ফুট চওড়া করতে হবে। তার জন্য পম্পাদেবীকে তাঁর জমির কিছুটা অংশ ছাড়তে বলেন তাঁরা। কিন্তু এই প্রস্তাবে তিনি রাজি না হওয়ায় আচমকা কয়েকজন লোক বাঁশ, লাঠি ও ইট নিয়ে হামলা চালায়। নির্মীয়মাণ বাড়ির সামনে থাকা পাঁচ-ছ’জন মহিলাকে মারধর করা হয় বলেও অভিযোগ। আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।
এই ঘটনায় রাজনৈতিক পারদ চড়েছে এলাকায়। আক্রান্ত পম্পা ঘরামির দাবি, তাঁদের পরিবার বিজেপি সমর্থক। অন্যদিকে, হামলায় অভিযুক্তরা তৃণমূলের সমর্থক। ফলে জমি ছাড়ার জন্য তাঁদের উপর যে চাপ দেওয়া হয়েছে, তার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। প্রতিবাদ করায় হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাঁর। তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এটি জমি ও রাস্তা সংক্রান্ত প্রতিবেশীদের বিবাদ, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হাওড়া গ্রামীণ পুলিশের এক আধিকারিক বলেন, এই ঘটনায় কোনো পক্ষের তরফে লিখিত অভিযোগ দায়ের হয়নি। ফলে কাউকে গ্রেপ্তারও 
করেনি পুলিশ।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ