নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বিদ্যুতের বিল দেওয়া নিয়ে বিবাদ স্কুলের দুই বিভাগের মধ্যে। তার জেরে শিক্ষার্থীদের পঠনপাঠন লাটে উঠেছে। হুগলির চুঁচুড়ার বিনোদিনী বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মঙ্গলবার স্কুলের সামনে বসে ক্লাস করতে হয়েছে। জানা গিয়েছে, স্কুলের প্রাথমিক বিভাগ চলে সকালে। আর মাধ্যমিক বিভাগ চলে দুপুরে। মঙ্গলবার প্রাথমিকের শিক্ষিকারা স্কুলে এসে দেখেন, সব ঘরে তালা দেওয়া। চাবি কাউকে দিয়ে যাওয়া হয়নি। শিক্ষকদের সূত্রে জানা গিয়েছে, স্কুলে প্রতিমাসে প্রায় ৪ হাজার টাকা বিদ্যুৎ বিল আসে। সেই টাকা দেওয়া নিয়ে প্রাথমিক ও মাধ্যমিক বিভাগের মধ্যে বিবাদের সূত্রপাত। এদিনের ঘটনায় অবশ্য অভিভাবক মহলে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষ করে গরমের মধ্যে বাচ্চাদের খোলা আকাশের নীচে দীর্ঘসময় থাকতে হয়েছিল। তা নিয়ে অভিভাবক মহল বিক্ষোভ শুরু করেন। ঘটনাস্থলে এসে অবশ্য সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক সুবীর নাগ। তিনি বলেন, ছোটো সমস্যা। দ্রুত পদক্ষেপ করব।



