Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ছন্নছাড়া ফুটবল, ভারতকে এবার হারাল জিম্বাবোয়েও

আদ্যিকালের ‘কিক অ্যান্ড রান’ ফুটবল এখন অচল। অথচ ৯০ মিনিট ধরে সেই একঘেয়ে ফর্মুলায় প্রতিপক্ষকে বশ মানানোর চেষ্টা করল খালিদের ভারত।

ছন্নছাড়া ফুটবল, ভারতকে এবার হারাল জিম্বাবোয়েও
  • ৩১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভারত- ০        :          জিম্বাবোয়ে: ১ 
                             (প্রিন্স-পেনাল্টি)

Advertisement

লন্ডন: আদ্যিকালের ‘কিক অ্যান্ড রান’ ফুটবল এখন অচল। অথচ ৯০ মিনিট ধরে সেই একঘেয়ে ফর্মুলায় প্রতিপক্ষকে বশ মানানোর চেষ্টা করল খালিদের ভারত। জিম্বাবোয়ে ফুটবলারদের গড় উচ্চতা ৬ ফিট। শারীরিক সক্ষমতায় অনেকটাই এগিয়ে তারা। তাই যা হওয়ার তাই হল।  ইউনিটি কাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ০-১ গোলে হেরে চতুর্থ স্থান পেল ভারতীয় দল। ব্লু টাইগার্সের গর্জন উধাও। স্রেফ ভিজে বিড়ালের মতো মিইয়ে রইল খালিদ ব্রিগেড। 
হেভিওয়েট জামাইকার বিরুদ্ধে হারলেও ভারতীয় দলের লড়াই প্রশংসা কুড়িয়েছিল। সবাইকে অবাক করে শনিবার প্রথম দলে বদল আনেন খালিদ। ৪-৫-১ ফর্মেশন প্রথমার্ধে মুখ থুবড়ে পড়ে। জিকসন ও এডমুন্ডকে কেন বসালেন তিনিই জানেন! মাঝমাঠে নিকসন, রিকি সাবংরা আইএসএলের ফার্স্ট ইলেভেনে জায়গা পাবেন কি না সন্দেহ। ফলে একেবারেই দানা বাঁধেনি খেলা। উইংয়ে ছাংতে ও বিক্রমপ্রতাপ কিছুটা নড়াচড়া করলেও লাভ হয়নি। ৩৩ মিনিটে বিপক্ষ ফুটবলারকে অহতেুক নিজেদের বক্সে ফাউল করলেন ফারুখ চৌধুরি। পেনাল্টি থেকে গোল করতে অসুবিধা হয়নি প্রিন্সের (১-০)। 
দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা কামব্যাকের চেষ্টা চালায় ভারত। ৫৮ মিনিটে জটলা থেকে ছাংতের ভলি বিপক্ষ গোলরক্ষকের হাতে লেগে পোস্টে প্রতিহত হয়। সমতায় ফিরতে স্ট্র্যাটেজির পরিবর্তন প্রয়োজন। সেটা বুঝেও নির্বিকার খালিদ। শেষ ১০ মিনিটে তিনটি পরিবর্তন করলেও কাজের কাজ হয়নি। ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে গিয়েছে ভারত।
ভারত: গুরপ্রীত, নিখিল, সন্দেশ, রাহুল, আকাশ, নিকসন (জিকসন), রিকি, ফারুখ, ছাংতে (সানান), বিক্রমপ্রতাপ, রহিম (এডমুন্ড)।

Advertisement
সম্পর্কিত সংবাদ