মোহালি: কংগ্রেসের সঙ্গে মনোমালিন্যের জেরে ২০২২ সালেই নিজের দল গঠন করেছিলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। পরে তিনি গোটা দল নিয়েই বিজেপিতে যোগ দেন। আগামী বছরেই সে রাজ্যে বিধানসভা নির্বাচন। আর এবার পাঞ্জাব দখলে মরিয়া বিজেপি। তবে রাজনীতির অন্যতম প্রবীণ নেতা ৮৪ বছরের অমরিন্দরের দাবি, ভোটের লড়াইয়ে কীভাবে এগতে হবে, কী রণকৌশল নেওয়া দরকার, তা নিয়ে বিজেপি নেতারা তাঁর সঙ্গে কোনো আলোচনাই করছে না। এক সাক্ষাৎকারে তিনি জানান, অন্তত ৬০ বছর ধরে তিনি পাঞ্জাবের রাজনীতিতে রয়েছেন। রাজ্যের সবরকম বিষয় নিয়েই তাঁর এবং দলের অন্যান্য সহযোগীদের অভিজ্ঞতা রয়েছে। অথচ তারপরও তাঁর সঙ্গে আলোচনার প্রয়োজনই মনে করেনি বিজেপি।



