Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বুসানে আন্তর্জাতিক সম্মেলনে দার্জিলিং হিমালয়ান রেল নিয়ে তথ্য দিলেন ডিরেক্টর

বুসানে আন্তর্জাতিক সম্মেলনে দার্জিলিং হিমালয়ান রেল নিয়ে তথ্য দিলেন ডিরেক্টর
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: দক্ষিণ কোরিয়ার বুসানে অষ্টম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ম্যানেজার্স ফোরামে অংশ নিয়েছেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী। গত ১৬-২৩ জুলাই বেক্সকো কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার, আইসিসিআরওএম এবং আইইউসিএন। 

Advertisement

এবারের সম্মেলনের মূল বিষয় ছিল বিশ্ব ঐতিহ্য সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, সাইট ম্যানেজারদের মধ্যে নেটওয়ার্ক গড়ে তোলা, ঐতিহ্যবাহী সম্পদের সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক সম্ভাবনার বিকাশ এবং জনসম্পৃক্ত ও টেকসই ব্যবস্থাপনার ওপর কীভাবে বিশেষ গুরুত্ব দেওয়া যায়। সম্মেলনে ১২৫টি দেশের প্রতিনিধি অংশ নিয়েছিলেন। সেখানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর আমন্ত্রিত ছিলেন। ডিএইচআর ডিরেক্টর জানান, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বিশ্বজুড়ে ঐতিহ্যবাহী রেলপথগুলিকে নিয়ে একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক গঠনের ব্যাপারে কথা হয়েছে।  যা অধিকাংশ প্রতিনিধি সমর্থন করেন। 
ভারতের অন্যতম ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যবাহী নিদর্শনের পরিচালক হিসাবে ঋষভ চৌধুরী সংরক্ষণ, জনসম্পৃক্ততা এবং মজবুত পর্যটনের সমন্বয় নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি দার্জিলিং হিমালয়ান রেল অঞ্চলের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পোশাক পরে অনুষ্ঠানে অংশ নিয়ে এলাকার সাংস্কৃতিক পরিচিতিও বিশ্বমঞ্চে মেলে ধরেন। সপ্তাহব্যাপী সম্মেলন শেষে ২৫ জুলাই ভারতে ফিরে আসবেন তিনি। সম্মেলনে অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে ডিএইচআরের অংশগ্রহণমূলক ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেবেন বলে ডিরেক্টর জানিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ