নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যজুড়ে ১১ বেসরকারি ব্লাড সেন্টারের (পূর্বতন ব্লাড ব্যাংক) বাইরে রক্তদান শিবির করা বন্ধ করল রাজ্য স্বাস্থ্যদপ্তর। তবে তারা নিজস্ব রক্ত সংগ্রহ ব্যবস্থা চালু রাখতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই প্রশিক্ষিত কর্মী থাকতে হবে। মানতে হবে রাজ্য ও জাতীয় রক্ত সঞ্চালন পর্ষদের নিয়মবলী। যেমন অতি অবশ্যই রাজ্যের মধ্যে অন্যত্র রক্ত পাঠানোর বিষয়ে সরকারকে বা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদকে অবহিত করতে হবে। এক নির্দেশনামায় একথা জানানো হয়েছে। বলা হয়েছে, যতদিন না পর্যন্ত রক্ত নিয়ে সরকারি তদন্ত শেষ হচ্ছে, এই নির্দেশ বলবৎ থাকবে। সূত্রের খবর, এই ব্লাড সেন্টারগুলির বিরুদ্ধে উপহারের বিনিময়ে রক্তদান, অনুমতি না নিয়ে রক্ত পাঠানোসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তালিকার পাঁচটিই কলকাতার বেসরকারি ব্লাড ব্যাংক। বাকি ছ’টির মধ্যে দু’টি পূর্ব বর্ধমানের, একটি সোনারপুরের, একটি রায়গঞ্জ, একটি হাওড়া এবং একটি কৃষ্ণনগরের ব্লাড সেন্টার।



