নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন দোকানের চাল-গমের গুণগত মান যাতে বজায় থাকে তার জন্য আরো সক্রিয় হল খাদ্যদপ্তর। এই ব্যাপারে নজরদারি চালানোর জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। এই ব্যাপারে গত ফেব্রুয়ারি মাসে একটি এসওপি করা হয়। সেটির উপর আরো একগুচ্ছ নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। চাল ও গম মজুত ও সরবরাহ করার বিভিন্ন স্তরে নজরদারি আরো বাড়াতে হবে। এর মধ্যে নিয়মিত খাদ্যশস্যর নমুনা সংগ্রহ ও তার পরীক্ষা করা আছে। পরিদর্শনের সংখ্যা আরো বাড়াতে বলা হয়েছে আধিকারিকদের। গুণগত মান পরীক্ষার জন্য পরিদর্শন, নমুনার পরীক্ষা প্রভৃতির মাসিক রিপোর্ট দিতে হবে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। গুণগত মান পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের প্রশিক্ষণ দিতে বলা হয়েছে। প্রয়োজনে অন্য ডাইরেক্টরেট অফিস থেকে কর্মী ও আধিকাকিরদের নিয়ে এসে রেশন ডিলার ও ডিস্ট্রিবিউটারদের দোকান, গুদামে আচমকা পরিদর্শন অভিযান চালাতে বলা হয়েছে। খাদ্যদপ্তরের গুদামে খাদ্যশস্য আসার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা করে দেখতে হবে গুণগত মান ঠিকঠাক আছে কি না। যদি দেখা যায় গুদামে খাদ্য ঢোকার সময় গুণগত মান নিয়ে যা নথিভুক্ত করা হয়েছে তা পরীক্ষায় মিলছে না, তা হলে সেটা খুব গুরুত্বের সঙ্গে দেখা হবে। এই ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।



