


মনসুর হাবিবুল্লাহ, দিনহাটা: বিধানসভা ভোটের প্রাক্কালে দিনহাটা শহরের ২ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এখন রাজনীতির কেন্দ্রে। এই পাড়াতেই থাকেন দিনহাটা বিধানসভার দুই প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ এবং বিজেপি প্রার্থী অজয় রায়। ফলে একই ওয়ার্ড, একই পাড়ার দুই প্রার্থীর সরাসরি লড়াই ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবুপাড়ার বাসিন্দা হওয়ার সুবাদে দুই প্রার্থীর মধ্যে দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্ক। তবে একুশের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার ঘটনায় এই সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। সেই সময় হামলার ঘটনায় উদয়ন গুহর হাত ভেঙে যায়। ওই ঘটনার মূল অভিযুক্ত হিসাবে নাম জড়ায় অজয়ের। যদিও পরবর্তী সময়ে তাঁর উপরও একাধিক হামলার ঘটনা সামনে আসে। তাঁর বাড়িঘর ভাঙচুর হয়। এই ঘটনাগুলির পিছনে উদয়ন গুহর ইন্ধন ছিল বলে অভিযোগ করেন অজয়। যদিও প্রতিবারই এই অভিযোগ অস্বীকার করেছেন উদয়নবাবু।
এবারের বিধানসভা নির্বাচনে সেই পুরনো দ্বন্দ্বই যেন নতুন করে রাজনৈতিক ময়দানে ফিরে এসেছে। সোমবার বিজেপি অজয় রায়কে প্রার্থী ঘোষণা করে। মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকায় স্থান পান উদয়ন গুহ। এরপর থেকেই দিনহাটার ২ নম্বর ওয়ার্ড, বিশেষ করে বাবুপাড়া রাজনৈতিক মহলের নজরের কেন্দ্রে উঠে এসেছে।
প্রচারের ময়দানে দুই প্রার্থীর বক্তব্যেও স্পষ্ট হচ্ছে এই লড়াইয়ের রূপরেখা। তৃণমূল প্রার্থী উদয়ন গুহ বলেন, আমি বিরোধী প্রার্থীকে ছোট করতে চাই না, নিজে বড় হতে চাই। বিরোধী প্রার্থী কতটা বড় হবে, সেটা তাঁর বিষয়।
অন্যদিকে, বিজেপি প্রার্থী অজয় রায়ের বক্তব্য, তৃণমূলের ইস্যু সন্ত্রাস, আমাদের ইস্যু শান্তি। একুশের বিধানসভায় উদয়ন গুহ পরাজিত হয়েছিলেন। এবারের নির্বাচনে তাঁকে আরো বেশি ভোটে পরাজিত করব।
ভোটের মাসে একই পাড়ার দুই প্রার্থীর এই হাড্ডাহাড্ডি লড়াই ঘিরে ইতিমধ্যেই চড়ছে রাজনৈতিক পারদ। সাধারণ মানুষের নজর এখন এই লড়াইয়ের দিকেই, যেখানে ব্যক্তিগত সম্পর্কের ইতিহাস ছাপিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাই হয়ে
উঠেছে মুখ্য।