লন্ডন: উইম্বলডনে জয়ের রথ ছুটছে কার্লোস আলকারাজের। মঙ্গলবার স্ট্রেট সেটে ম্যাচ জিতে শেষ চারের টিকিট পাকা করলেন স্প্যানিশ তারকা। ক্যামেরুন নোরিকে ৬-২, ৬-৩, ৬-৩ ব্যবধানে হারালেন দ্বিতীয় বাছাই আলকারাজ। এদিকে, মহিলাদের সিঙ্গলসের শেষ চারে পৌঁছলেন এরিনা সাবালেঙ্কা। প্রথম সেট হেরে পিছিয়ে পড়ার পর মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে লরা সিগমুন্ডকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারালেন তিনি। ২ ঘণ্টা ৫৪ মিনিটের থ্রিলারের পর সাবালেঙ্কা জিতলেন ৪-৬, ৬-২, ৬-৪ সেটে। এই নিয়ে তৃতীয়বার উইম্বলডনের সেমি-ফাইনলে পৌঁছলেন বিশ্বের একনম্বর তারকা। পুরুষদের সিঙ্গলসের শেষ চারের ছাড়পত্র পেলেন পঞ্চম বাছাই টেলর ফ্রিৎজ। চার সেটের লড়াইয়ে খাচানভকে ৬-৩, ৬-৪, ১-৬, ৭-৬ (৭-৪) ব্যবধানে হারালেন তিনি।



