Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পঞ্চায়েত প্রধানদের পুলিশ দিয়ে অফিসে আনার হুমকি দিলীপের

পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ পঞ্চায়েত প্রধানদের অফিসে আসার জন্য পুলিশের মাধ্যমে তুলে আনার হুমকি দিলেন। বিস্তারিত জানুন।

পঞ্চায়েত প্রধানদের পুলিশ দিয়ে অফিসে আনার হুমকি দিলীপের
  • ৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: রবিবার খড়্গপুরে পঞ্চায়েত প্রধানদের পুলিশ পাঠিয়ে তুলে আনার হুঁশিয়ারি দিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, ডিম খাওয়ার ভয়ে বাড়িতে বসে থাকলে হবে না। অফিসে আসতে হবে। না হলে পুলিশ পাঠিয়ে বাড়ি থেকে তুলে আনা হবে। 

Advertisement

এদিন খড়্গপুরে নিজের বাংলোতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী দিলীপবাবু বলেন, ‘গোটা বাংলায় প্রায় দু’ হাজার পঞ্চায়েত নিষ্ক্রিয়। প্রধানরা হয় পালিয়ে গিয়েছেন, না হলে ভয়ে অফিসে আসছেন না। সাধারণ মানুষকে শংসাপত্র দেওয়া যাচ্ছে না। বিভিন্ন প্রকল্প চালাতে অসুবিধা হচ্ছে। জি রাম জি প্রকল্পের কাজ শুরু হয়েছে। পেমেন্ট দেওয়ার ক্ষেত্রেও অসুবিধা হবে।’ পঞ্চায়েত মন্ত্রীর কড়া হুঁশিয়ারি, ‘এতদিন লুটপাট করেছেন। অফিসে এলে টোন-টিটকিরি কেউ করতে পারে। ভয় পেলে হবে না। অফিসে আসতে হবে। যদি না আসেন, বেশি সমস্যা হবে! আমি সবকিছু করতে বাধ্য হব তখন। হয় বাড়িতে পুলিশ পাঠিয়ে তুলে নিয়ে আসব। না হলে সাধারণ মানুষকে বলব বাড়ি ঘেরাও করতে। ডিমের বদলে তখন ইঁট ছোঁড়া হবে বাড়িতে।’ দিলীপবাবু এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘পদত্যাগ করে যেখানে খুশি, পাকিস্তান-বাংলাদেশে পালিয়ে যান, কিছু বলার নেই। না হলে অফিসে আসুন।’
উল্লেখ্য, বহু জায়গাতেই দুর্নীতি ও সন্ত্রাস চালানোর অভিযোগ রয়েছে পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে। তাই ভয়ে অনেকেই পঞ্চায়েতমুখো হচ্ছেন না। অনেকে এলাকা ছেড়ে পালিয়েও গিয়েছেন। তাঁদের উদ্দেশ্যেই মন্ত্রীর এই হুঁশিয়ারি। 
পশ্চিম মেদিনীপুরের ডেবরা ও সবংয়ের প্রধানরা কার্যালয়ে আসা শুরু করেছেন। তবে, পিংলা, খড়্গপুর-২, শালবনী, গড়বেতা-৩ প্রভৃতি ব্লকের অর্ধেকের বেশি প্রধান এখনও কাজে যোগ দেননি বলে বিধায়কদের সূত্রে জানা গিয়েছে। সবংয়ের ১৬টি গ্রাম পঞ্চায়েতের দু’জন বাদে বাকিরা কার্যালয়ে আসছেন বলে জানিয়েছেন বিধায়ক প্রতিনিধি তথা জেলা বিজেপির সহ সভাপতি অমূল্য মাইতি। তিনি বলেন, ’১০ নং ভেমুয়া অঞ্চলের প্রধান রাজীব শি ফল বেরোনোর পর থেকেই পলাতক। ৯ নং বলপাই অঞ্চলের প্রধান মমতা মান্না মঙ্গলবার থেকে অফিসে আসবেন। প্রয়োজনে তাঁকে পুলিশি নিরাপত্তা দেওয়া হবে।’ ডেবরার বিধায়ক শুভাশিস ওম জানান, ‘২ নং ভরতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাকিলা বিবি ছাড়া বাকি ১৩ জনই আসছেন।’ বিডিও প্রিয়ব্রত রাঢ়ি বলেন, ‘ওই প্রধানের সঙ্গেও আমরা কথা বলছি।’ পিংলার বিধায়ক স্বাগতা মান্না ও শালবনীর বিধায়ক বিমান মাহাতো বলেন, অর্ধেকের বেশি প্রধান এখনও কার্যালয়ে আসেননি! বিমানবাবুর দাবি, ‘যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, মূলত তাঁরাই আসছেন না। হয় অফিসে আসুন, পরিষেবা দিন। না হলে পদত্যাগ করুন।’ সবংয়ের ভেমুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজীব শি এদিন ফোনে বলেন, ‘আতঙ্কের মধ্যে আছি। ফল বেরোনোর পর থেকে আমার বাড়িতে সাতবার হামলা হয়েছে। পুলিশ নিরাপত্তা দিলেই যাব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ