সংবাদদাতা, কাঁথি: মাসদুয়েক আগে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে সস্ত্রীক এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে রাজ্য-রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছিলেন। এবার রামনগরের মৈতনা পঞ্চায়েতের ডেমুরিয়ার প্রাচীন রথের মেলার অনুষ্ঠানে হাজির হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ তিনি ডেমুরিয়ায় আসেন। তবে এবার সঙ্গে তাঁর সহধর্মিনী ছিলেন না। ডেমুরিয়ায় এসে মাসির বাড়ি ঘুরে দেখেন দিলীপ। জগন্নাথদেবের কাছে প্রণাম সারেন। রথযাত্রা পরিচালন কমিটির কর্মকর্তা সহ স্থানীয় লোকজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারপর মূল মন্দিরেও যান। ডেমুরিয়ার রথ তিন শতাধিক বছরের প্রাচীন। রথযাত্রার ইতিহাস সম্পর্কে কমিটির কর্মকর্তাদের কাছে খোঁজখবর নেন। তাঁদের সঙ্গে বসে প্রসাদও গ্রহণ করেন। ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তথা রথযাত্রা পরিচালন কমিটির সম্পাদক তমালতরু দাসমহাপাত্র, কর্মকর্তা অলোক চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, এই রথযাত্রার পরিচালন কমিটিতে যাঁরা রয়েছেন, তাঁদের অনেকেই শাসকদলের নেতা।



