Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মহিলাদের বিনামূল্যে বাসযাত্রার জন্য ডিজিটাল স্মার্ট কার্ড! কীভাবে কোথায় আবেদন করবেন?

বাংলায় মহিলাদের ক্ষমতায়ন এবং তাঁদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও সুরক্ষিত করতে বড় সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের ঘোষণায় জানানো হয়েছে, আগামী ১ জুন ২০২৬ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

মহিলাদের বিনামূল্যে বাসযাত্রার জন্য ডিজিটাল স্মার্ট কার্ড! কীভাবে কোথায় আবেদন করবেন?
  • ২২ মে, ২০২৬ ১১:৫৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় মহিলাদের ক্ষমতায়ন এবং তাঁদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও সুরক্ষিত করতে বড় সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের ঘোষণায় জানানো হয়েছে, আগামী ১ জুন ২০২৬ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। গত সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেছেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সরকারি নির্দেশিকা অনুযায়ী, এই সুবিধা রাজ্যের সমস্ত মহিলার জন্য প্রযোজ্য হবে। শুধু শহরাঞ্চল নয়, গ্রামাঞ্চলের মহিলারাও এই প্রকল্পের আওতায় আসবেন। রাজ্যের স্বল্প দূরত্ব এবং দীর্ঘ দূরত্ব উভয় ধরনের সরকারি বাসেই এই সুবিধা মিলবে।

Advertisement

গতকাল পরিবহন দপ্তরের প্রকাশিত আরো একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায় প্রত্যেক মহিলা যাত্রীর জন্য একটি বিশেষ কিউআর কোড সম্বলিত ডিজিটাল স্মার্ট কার্ড প্রদান করা হবে। ওই কার্ডে উপভোক্তার নাম ও ছবি থাকবে। কার্ড পাওয়ার জন্য সংশ্লিষ্ট বিডিও বা এসডিও অফিসে আবেদন করতে হবে। জানানো হয়েছে, স্মার্ট কার্ড তৈরির জন্য একাধিক পরিচয়পত্র গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, ১০০ দিনের কাজের জব কার্ড, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন সংক্রান্ত নথি, সরকারি কর্মীদের পরিচয়পত্র, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র এবং রাজ্য সরকারের অন্য কোনও বৈধ পরিচয়পত্র। তবে স্মার্ট কার্ড তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই প্রকল্প চালু করা হবে। সেই সময় পর্যন্ত মহিলারা উপরোক্ত যে কোনও বৈধ ফটো আইডি দেখিয়েই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। বাসের কন্ডাক্টর পরিচয়পত্র যাচাই করে যাত্রীকে ‘জিরো ভ্যালু টিকিট’ বা ‘থার্মাল পেপার টিকিট’ প্রদান করবেন। রাজ্য সরকারের মতে, এই পদক্ষেপ মহিলাদের আর্থিক সাশ্রয় যেমন করবে, তেমনই কর্মক্ষেত্র, শিক্ষা ও দৈনন্দিন যাতায়াতে তাঁদের সুবিধা আরও বাড়াবে। বিশেষ করে গ্রামীণ ও নিম্ন আয়ের পরিবারের মহিলাদের জন্য এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অর্থ দপ্তরের সম্মতি এবং মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে ১ জুন ২০২৬ থেকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ