নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিজিটাল ব্যাংকিং জালিয়াতির শিকার হলে এবার ক্ষতিপূরণ দেবে রিজার্ভ ব্যাংক। তবে তা জীবনে একবারই পাবেন গ্রাহক। ক্ষতিপূরণের সর্বোচ্চ অঙ্ক ২৫ হাজার টাকা। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম চালু হতে চলেছে।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিজিটাল ব্যাংকিং জালিয়াতির শিকার হলে এবার ক্ষতিপূরণ দেবে রিজার্ভ ব্যাংক। তবে তা জীবনে একবারই পাবেন গ্রাহক। ক্ষতিপূরণের সর্বোচ্চ অঙ্ক ২৫ হাজার টাকা। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম চালু হতে চলেছে।
আরবিআই জানিয়েছে, ৬৫ শতাংশ ক্ষেত্রে জালিয়াতির ঘটনায় গ্রাহকের ৫০ হাজারের কম টাকা খোয়া যায়। সেই কারণেই ৫০ হাজার টাকার কম অঙ্কের জালিয়াতিকেই ক্ষতিপূরণের আওতায় আনা হয়েছে। তার উপরের অঙ্কের জালিয়াতি হলে সমাধান কী, তা অবশ্য জানায়নি রিজার্ভ ব্যাংক।
তারা জানিয়েছে, ৫০ হাজার টাকা পর্যন্ত জালিয়াতিতে ক্ষতির ৮৫ শতাংশ টাকা অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা—যেটা কম হবে, সেটাই পাবেন গ্রাহক। জীবনে একবারই এই সুবিধা মিলবে।
মোট ক্ষতিপূরণের ৬৫ শতাংশ দেবে আরবিআই। ১০ শতাংশ দেবে গ্রাহকের ব্যাংক। বাকি ১০ শতাংশ দেবে সেই ব্যাংক, যেখানকার অ্যাকাউন্টে জালিয়াতির টাকা ঢুকেছে। বিদেশি ব্যাংকের ক্ষেত্রে আরবিআই ৬৫ শতাংশ এবং গ্রাহকের ব্যাংক ৩৫ শতাংশ দেবে। রিজার্ভ ব্যাংক বলছে, ক্ষতিপূরণের টাকা পেতে হলে গ্রাহককে কিছু শর্ত মানতে হবে। জালিয়াতির পাঁচদিনের মধ্যে ব্যাংকে অভিযোগ জানাতে হবে এবং ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল বা হেল্পলাইনে অভিযোগ জানাতে হবে। হেল্পলাইন নম্বর ১৯৩০। ব্যক্তি বা একক মালিকানাধীন ব্যবসায়ীরা এই সুবিধা পাবেন। কোনো সংস্থাকে এই সুবিধা দেওয়া হবে না। পণ্য না-পাওয়া বা খারাপ পণ্য সংক্রান্ত বিরোধ, চেকের মাধ্যমে লেনদেন এই নিয়মের আওতায় পড়বে না। হেল্পলাইনের ফোন করলে, তারা সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ জানাতে বলতে পারে। বহু ক্ষেত্রেই দেখা যায়, গ্রাহক অজান্তেই ওটিপি বা ব্যাংক সংক্রান্ত গোপন তথ্য জালিয়াতদের কাছে প্রকাশ করে ফেলেছেন। এক্ষেত্রেও কি তিনি ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য? রিজার্ভ ব্যাংক বলছে, গ্রাহক প্রতারণার শিকার হয়ে ওটিপি বা পাসওয়ার্ড দিয়ে ফেললেও ক্ষতিপূরণ পাবেন। ক্রেডিট কার্ড সংক্রান্ত জালিয়াতির অভিযোগ পেলে পাঁচদিনের মধ্যে ব্যাংককে টাকাটা সাময়িক ফেরত দিতে হবে। তারপর বিষয়টি তদন্ত হবে।
প্রতারণা রোধে ব্যাংকগুলিকেও বেশকিছু দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছে আরবিআই। ৫০০ টাকার বেশি সব ইলেকট্রনিক লেনদেনে সঙ্গে সঙ্গে এসএমএস পাঠাতে হবে গ্রাহককে। ব্যাংকের গাফিলতিতে জালিয়াতি হলে গ্রাহক জিরো লায়াবিলিটি, অর্থাৎ পুরো টাকা ফেরত পাবেন। অভিযোগ পাওয়ার পাঁচদিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে হবে ব্যাংককে। যদি জালিয়াতির কিছু টাকা অ্যাকাউন্টে ফেরত আসে, তাহলে কী হবে? আরবিআই জানাচ্ছে, মোট ক্ষতি থেকে যেটুকু টাকা উদ্ধার হয়েছে বা রিভার্স হয়েছে, সেটা বাদ দিয়ে হিসাব হবে।