Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ডিজিটাল অ্যারেস্টের নামে তিন কোটি ৪০ লক্ষ টাকার প্রতারণা, শিলিগুড়ি থেকে কলকাতা পুলিসের জালে ২

ডিজিটাল অ্যারেস্টের নামে এক ব্যক্তির ৩ কোটি ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে শিলিগুড়ি থেকে এক মহিলা সহ দুই প্রতারককে গ্রেপ্তার করল কলকাতা পুলিসের সাইবার ক্রাইম বিভাগ।

ডিজিটাল অ্যারেস্টের নামে তিন কোটি ৪০ লক্ষ টাকার প্রতারণা, শিলিগুড়ি থেকে কলকাতা পুলিসের জালে ২
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ডিজিটাল অ্যারেস্টের নামে এক ব্যক্তির ৩ কোটি ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে শিলিগুড়ি থেকে এক মহিলা সহ দুই প্রতারককে গ্রেপ্তার করল কলকাতা পুলিসের সাইবার ক্রাইম বিভাগ। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম কুন্দন মিশ্র ও দেবযানী নাগ। তাদের বাড়ি ইস্কন মন্দির রোড ও ডাবগ্রামে। 

Advertisement

গত বছর নভেম্বর মাসে কলকাতার এক ব্যক্তির কাছে অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনে তাঁকে জানানো হয় যে, মুম্বই ক্রাইম ব্রাঞ্চ থেকে তাঁর নামে একটি মামলা হয়েছে। মুম্বইতে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলা হয়েছে। ওই ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে পাঠানো হয় সুপ্রিম কোর্টের ভুয়ো অ্যারেস্ট ওয়ারেন্ট। এমন ভাবেই সাইবার প্রতারকরা নানাভাবে ভয় দেখাতে শুরু করে কলকাতার সেই ব্যক্তিকে। ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ১১টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ কোটি ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। এরপর বিষয়টি বুঝতে পেরে ওই ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেন কলকাতা পুলিসের সাইবার ক্রাইম বিভাগে। এরপরই তদন্তে নেমে পুলিস কলকাতায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাকে জেরা করেই শিলিগুড়ির দুই প্রতারকের খবর পায়। 
শুক্রবার রাতে শিলিগুড়ির দুই জায়গায় অভিযান চালায় কলকাতা সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা। ভক্তিনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় কুন্দন মিশ্রকে। শিলিগুড়ি থানার সহায়তায় ডাবগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় দেবযানী নাগকে। শনিবার ট্রানজিট রিমান্ডে ওই দুই অভিযুক্তকে কলকাতা নিয়ে গিয়েছে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ