নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্ধারিত সময়ের মধ্যে পার্টিসিপেশন ফি জমা দিতে না পারায় আইএসএলে খেলার স্বপ্ন অধরাই থাকল ডায়মন্ডহারবার এফসি’র। বুধবার দুপুর ১২টা পর্যন্ত সময় থাকলেও, বকেয়া ৫৫ লক্ষ টাকা মেটাতে ব্যর্থ কলকাতার ক্লাবটি। ফলে তাদের বাদ দিয়েই আইএসএল আয়োজন করতে চলেছে ফেডারেশন। ফলে আসন্ন মরশুমে লিগ হবে ১৩ দলের। দ্রুত প্রকাশিত হবে সূচি। উল্লেখ্য, গতবার আই লিগ জিতে আইএসএলে খেলার ছাড়পত্র আদায় করে তারা। তবে রাজ্যে সরকার বদলের পরই আর্থিক সমস্যায় পড়ে ডায়মন্ডহারবার। সরে দাঁড়ায় তাদের মূল স্পনসর। মেলেনি অনুশীলনের মাঠ। তাই কলকাতা ছেড়ে ভিনরাজ্য থেকে আইএসএল খেলার চেষ্টা চালান কর্তারা। তবে কোনো সংস্থাই তাদের দিকে হাত বাড়াতে নারাজ। আগেই ঘরোয়া লিগ থেকে নাম তুলে নিয়েছিল ডায়মন্ডহারবার। এবার আইএসএলে থেকে সরে দাঁড়াতে হল তাদের।



