Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডায়মন্ডহারবার বিধানসভা: অতি সক্রিয় কেন্দ্রীয় বাহিনী, বিরক্ত সাধারণ ভোটাররাও

আজ, বুধবার রাজ্যের ১৪২টি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফার ভোট। তার আগে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর চূড়ান্ত তৎপরতা চোখে পড়েছে।

ডায়মন্ডহারবার বিধানসভা: অতি সক্রিয় কেন্দ্রীয় বাহিনী, বিরক্ত সাধারণ ভোটাররাও
  • ২৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ডায়মন্ড হারবার: আজ, বুধবার রাজ্যের ১৪২টি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফার ভোট। তার আগে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর চূড়ান্ত তৎপরতা চোখে পড়েছে। সাধারণ মানুষের বক্তব্য, অতি সক্রিয়তা দেখাচ্ছে বাহিনী। কার্যত দাপাদাপি করছে। ভোট কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন এলাকায় বারবার একাধিক গাড়িতে টহল দিতে দেখা গিয়েছে বাহিনীর অফিসার ও জওয়ানদের। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে টহলদারিও চলছে নিরন্তর। বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছেন জওয়ানরা। ডায়মন্ডহারবার ফেরিঘাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ডায়মন্ডহারবারের নদীর পাড় সংলগ্ন এলাকায় মোতায়েন বাড়তি পুলিশ। 

Advertisement

মঙ্গলবার রামনামপুর প্রাথমিক বিদ্যালয়, ডায়মন্ডহারবার গার্লস হাইস্কুল,  উচ্চ মাধ্যমিক হাইস্কুল, রবীন্দ্রভবন প্রভৃতি ভোটকেন্দ্রে নির্বাচন প্রস্তুতির শেষ পর্যায়ের ব্যস্ততা চোখে পড়েছে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আসেন কেন্দ্রীয় বাহিনীর অফিসার ও জওয়ানরা। ফকিরচাঁদ কলেজের বিশাল অংশজুড়ে হয়েছে প্যান্ডেল। সেখানে রয়েছে এই বিধানসভা কেন্দ্রের ডিস্ট্রিবিউশন সেন্টার। সেখানে বসেই ভোটগ্রহণ কেন্দ্রের মনিটরিং হবে। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী পান্নালাল হালদার। সিপিএমের সমর নাইয়া। বিজেপির প্রার্থী  দীপককুমার হালদার। ডায়মন্ডহারবার বিধানসভার বিভিন্ন এলাকায় বিজেপির প্রচার তেমনভাবে দেখা যাচ্ছে না বলে বক্তব্য মানুষের। তৃণমূল ও সিপিএমের পোস্টার, ব্যানার, ছবিতে ছেয়ে গিয়েছে এলাকা। হরিণডাঙা, কপাটহাট, রত্নেশ্বরপুর, হাওয়াভাটা, ডায়মন্ডহারবারের লালপোল, বাটা পেট্রল পাম্প, স্টেশন বাজার, ডায়মন্ডহারবার নিউটাউন, নাইয়াপাড়া, ফকিরচাঁদ কলেজ রোড, ডায়মন্ডহারবার রোড প্রভৃতি এলাকার মানুষের বক্তব্য, পুর এলাকায় পানীয় জল, আলো, রাস্তাঘাট ইত্যাদি পরিষেবার উন্নতি ঘটেছে। এই লোকসভা কেন্দ্রের সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের লোকসভার অধীনে থাকা প্রতিটি বিধানসভা কেন্দ্রের দিকে তাঁর কড়া নজর থাকে। অনেকের মতে এই ভোটে আসল লড়াই হল, অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির। সে কারণেই তৃণমূলকে আটকাতে কেন্দ্রীয় বাহিনীর দাপাদাপি বেশি। তৃণমূল প্রার্থী পান্নালাল হালদার বলেন, ‘বিরোধী রাজনৈতিক দলগুলির কুৎসার জবাব মানুষ ভোট বাক্সে দেবে।’ সিপিএম প্রার্থী সমর নাইয়া বলেন, ‘মানুষের দরজায় দরজায় গিয়েছি। সমর্থন ও আশীর্বাদ পেয়েছি।’  
সোমবার ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ি গিয়ে শাসানি দেওয়ার অভিযোগ ওঠে পুলিশ পর্যবেক্ষক আইপিএস অজয় পাল শর্মার বিরুদ্ধে। মঙ্গলবার ডায়মন্ডহারবারের বিস্তীর্ণ এলাকাজুড়ে এই পুলিশকর্তাকে নিয়ে চর্চা চলেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ