Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অনুশীলনে গরহাজির ধোনি, হতাশ ভক্তরা

অনুশীলনে গরহাজির ধোনি, হতাশ ভক্তরা
  • ৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পড়ন্ত বিকেলে মেঘের গর্জন। কিন্তু বৃষ্টির ভ্রুকুটিকে পরোয়া না করেই ইডেনের গেটের সামনে দাঁড়িয়ে এক-দেড়শো সমর্থক। না! কেকেআরের জন্য নয়। তাঁরা এসেছেন ধোনির টানে। প্রিয় তারকাকে একবার চোখে দেখার জন্য অধীর আগ্রহে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে। চেন্নাইয়ের টিম বাস গেটের সামনে দাঁড়াতেই ‘ধোনি, ধোনি’ গর্জনে কেঁপে উঠল ইডেন চত্বর। বাস থেকে একে একে নামলেন জাদেজা, অশ্বিন, আয়ূষ, কনওয়ে। কিন্তু ধোনির দেখা নেই। সোমবারের পর মঙ্গলবারও অনুশীলনে এলেন না সিএসকে অধিনায়ক। প্রিয় তারকার দেখা না পেয়ে সমর্থকদের উন্মাদনা নিমেষে বদলে গেল হতাশায়। 

Advertisement

১৯ বছরের কল্যাণ তালুকদার নদিয়া থেকে এসেছিলেন ধোনিকে দেখতে। ইডেনের গেটে মাহির ছবি লাগানো প্লে-কার্ড হাতে দাঁড়িয়ে। তাতে লেখা ‘এবার যা হয়েছে হয়েছে, পরেরবার ধামাকাদার পারফরম্যান্স চাই।’ কিন্তু ধোনি প্র্যাকটিসে আসেনি জানতে পেরেই তিনি হতাশ। বলছিলেন, ‘পর পর দু’দিন এলাম মাহির টানে। কিন্তু দেখা পেলাম না। বুধবারও আসব। কিন্তু ধোনি খেলবে  তো?’ এই প্রশ্ন শুধু কল্যাণের নয়, কলকাতার ক্রিকেট জনতারও। কারণ, ম্যাচের চেয়েও মাহিকে নিয়েই উন্মাদনা বেশি। তাই মহাতারকা না খেললে অনেকেরই মন খারাপ হবে। তবে চেন্নাইয়ের বোলিং পরামর্শদাতা এরিক সিমন্স অবশ্য জানিয়ে দিলেন, ‘চিন্তার কিছু নেই। ধোনি পুরোপুরি সুস্থ। বুধবার খেলবে।’ 
ইডেন যতই কেকেআরের দুর্গ হোক, বুধবার গ্যালারিতে যে ধোনির জন্য অনুরাগীদের আবেগ উপচে পড়বে, তা বিলক্ষণ জানেন নাইটদের কোচ। সাংবাদিক সম্মেলনে চন্দ্রকান্ত পণ্ডিত বলছিলেন, ‘এটা শুধু কলকাতা বলে নয়। সব ভেন্যুতেই একই অবস্থা। আসলে ধোনি ব্যক্তিত্বটাই এমন। তবে আমরা নিজেদের পারফরম্যান্সে ফোকাস করছি।’ একটু থেমে তাঁর সংযোজন, ‘কেকেআর সঠিক সময়ে ঘুরে দাঁড়িয়েছে। এখান থেকে আর পিছনে ফিরে তাকাতে চাই না। জয়ের ছন্দ ধরে রেখে প্লে-অফের টিকিট অর্জনই একমাত্র লক্ষ্য।’

Advertisement
সম্পর্কিত সংবাদ