পুনে: মহারাষ্ট্রে প্রবল বৃষ্টিতে ধস নেমেছে মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ের ‘মিসিং লিঙ্ক’ করিডরে। চলতি বছর উদ্বোধনের পর প্রথম বৃষ্টিতেই করিডরের এমন বেহাল দশা নিয়ে বিজেপি সরকারের সমালোচনায় সরব বিরোধীরা। তা নিয়ে বিধানসভায় কড়া ভাষায় জবাব দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। সমালোচকদের ‘রাস্তার কুকুর’, ‘ভাড়াটে টাট্টু ঘোড়া’ এবং ‘মিথ্যাবাদী’র সঙ্গে তুলনা করলেন তিনি। তাঁর মন্তব্যের পরই ফুঁসে উঠেছে বিরোধী শিবির। মুখ্যমন্ত্রীকে জবাব দিয়েছেন উদ্ধবপন্থী শিবসেনা ও কংগ্রেসের বিধায়করা। তাঁদের অভিযোগ, প্রায় সাত হাজার কোটি ব্যয়ে নির্মিত ‘মিসিং লিঙ্ক’ করিডরের ভুল-ত্রুটি নিয়ে জবাব না দিয়ে সমালোচকদের ব্যক্তিগত আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে ফড়নবিশ বলেন, ‘সমালোচকরা এমন আচরণ করছেন, তাঁরা যেন এক কোটি মিথ্যাবাদীর মৃত্যুর পর জন্ম নিয়েছেন। রাজ্য সরকার ও এই প্রকল্পের বিরুদ্ধে অর্থের বিনিময়ে অনলাইনে প্রচার চালানো হচ্ছে তাঁরা।’ তাঁর আরও অভিযোগ, ‘রাস্তার কুকুরও যাদের পাত্তা দেয় না, তারাও আজ সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করছেন। টাকার বিনিময়ে এই প্রকল্পের বিরুদ্ধে কথা বলছেন। ওরা ভাড়াটে টাট্টু ঘোড়া। সরকার ওদের রেয়াত করবে না।’ এই মন্তব্যের বিরোধিতা করেন উদ্ধবপন্থী শিবসেনা বিধায়ক ভাস্কর যাদব। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী আজ ভুলে গিয়েছেন কোভিডের দিনগুলির কথা। তখন উদ্ধব সরকারের বিরুদ্ধে অভিযোগের বন্যা বইয়ে দিতেন। তখন অভিযোগগুলি যুক্তিযুক্ত মনে হত? ’



