নয়াদিল্লি: শ্রীলঙ্কায় দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন দেবদত্ত পাদিক্কাল। আইসিসি টেস্ট র্যাংকিংয়ে পাঁচ ধাপ উপরে উঠে তিনি এখন ৫৪ নম্বরে। দুই টেস্টে তাঁর মোট রান ছিল ৩২৮। দু’টি সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন। গলে প্রথম টেস্টে ১৬৭ করেছিলেন তিনি। ভারত সেই টেস্টে জয়ী হয় ১৬৫ রানে। কলম্বোয় দ্বিতীয় টেস্টে তাঁর সংগ্রহ ১১৭। সাই সুদর্শনের চোটের ফলে পাওয়া সুযোগ দারুণভাবে কাজে লাগান তিনি। এখন যা অবস্থা, তাতে সুদর্শন চোট সারিয়ে ফিরলেও তিন নম্বর জায়গা পাদিক্কালের থেকে কেড়ে নেওয়া সম্ভব নয়। তবে ব্যাটারদের তালিকায় ক্যাপ্টেন শুভমান গিল দু’ধাপ নেমে গিয়েছেন। তিনি এখন নবম স্থানে। ভারতীয় ব্যাটারদের মধ্যে তালিকায় উপরের দিকে রয়েছেন ঋষভ পন্থ। তাঁর স্থান সপ্তম। ব্যাটারদের তালিকায় শীর্ষে হ্যারি ব্রুক। বোলিংয়ে আরও একধাপ পিছলেন যশপ্রীত বুমরাহ। চোটের কারণে শ্রীলঙ্কা সফরে যাননি তিনি। তার ফলে দ্বিতীয় স্থান খোয়াতে হয়েছে তাঁকে। ভারতের তারকা পেসার এখন রয়েছেন তৃতীয় স্থানে। বোলারদের মধ্যে শীর্ষে মিচেল স্টার্ক।



