Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের পুলিশ হেপাজতে দেবরাজ

অন্য একটি মামলায় ধৃত বিধাননগরের প্রাক্তন মেয়র দেবরাজ চক্রবর্তীকে ফের পুলিশ হেপাজতের নির্দেশ দিল আদালত। প্রথম দফার পুলিশ হেপাজত শেষ হওয়ার পর বৃহস্পতিবার তাঁকে বারাসত জেলা আদালতে পেশ করা হয়।

ফের পুলিশ হেপাজতে দেবরাজ
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও বিধাননগর: অন্য একটি মামলায় ধৃত বিধাননগরের প্রাক্তন মেয়র দেবরাজ চক্রবর্তীকে ফের পুলিশ হেপাজতের নির্দেশ দিল আদালত। প্রথম দফার পুলিশ হেপাজত শেষ হওয়ার পর বৃহস্পতিবার তাঁকে বারাসত জেলা আদালতে পেশ করা হয়। নতুন একটি মামলায় তাঁকে সাতদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বারাসত আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ১৬ জুলাই তাঁকে ফের আদালতে তোলা হবে। প্রসঙ্গত, বাগুইআটির এক প্রোমোটারের কাছ থেকে ৩০ লক্ষ টাকা তোলা নেওয়ার অভিযোগে ১ জুলাই পুরুলিয়া থেকে দেবরাজকে গ্রেপ্তার করা হয়। ২ জুলাই বারাসত আদালত তাঁকে সাতদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছিল। বৃহস্পতিবার সেই মামলায় জামিনের আবেদন করেন দেবরাজের আইনজীবী। বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জামিনের বিরোধিতা করেন। সওয়াল-জবাব শুনে ২৫৭ নম্বর মামলায় দেবরাজের জামিনের আবেদন খারিজ করে, ২৩ জুলাই তাঁকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। তবে, ২০৭ নম্বর মামলায় তাঁকে যুক্ত করে ফের পাঠানো হল পুলিশ হেপাজতে। বিভাসবাবু বলেন, দেবরাজের বিরুদ্ধে মোট ন’টি কেস রয়েছে। আগের ২৫৭ নম্বর কেসে জামিন নাকোচ করেছেন বিচারক। এই কেসে ১৪ দিন পর, অর্থাৎ ২৩ জুলাই ফের তাঁকে আদালতে হাজির করা হবে। আর তাঁর বিরুদ্ধে ২০৭ নম্বর কেসটি যুক্ত করা হয়েছে। এই কেসে তাঁর বিরুদ্ধে মোটা টাকা তোলাবাজি, সংগঠিত অপরাধসহ বেহিসেবি সম্পত্তির ধারায় মামলা রয়েছে। আমার বক্তব্য শুনে সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অন্যদিকে, সল্টলেকে তোলবাজির মামলায় ধৃত সব্যসাচী দত্তের বিরুদ্ধেও জমি দখল করে বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি পুরানো মামলা যুক্ত হয়েছে। তাতে ৯ দিনের পুলিশ হেপাজতে তিনি রয়েছেন। প্রসঙ্গত, গত ৮ জুন তাঁকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। ওই সরকারি জমি কীভাবে দখল করলেন, কীভাবে সেখানে বেআইনি নির্মাণ হল, কীভাবে সব্যসাচীর কাছে ভাড়া আসত, সেখানে বিদ্যুতের সংযোগই-বা হল কী করে? এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ