গল: ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে কোচ গৌতম গম্ভীর অনেকটাই স্বস্তিতে। কারণ, রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। সৌজন্যে দেবদত্ত পাদিক্কাল। তিন নম্বরে নেমে ২৩০ বলে করলেন অনবদ্য ১৬৭। এটাই টেস্টে তাঁর প্রথম সেঞ্চুরি। বিপুল প্রত্যাশার চাপ সামলে বাঁ হাতি পাদিক্কালই শেষ পর্যন্ত হয়ে উঠলেন নায়ক। তবে কাজটা মোটেও সহজ ছিল না। চোটের জেরে সাই সুদর্শন ছিটকে না গেলে প্রথম একাদশে তাঁর জায়গা পাওয়াই মুশকিল হত। কথায় আছে, কারও সর্বনাশ তো কারও পৌষমাস, সেটাই হল পাদিক্কালের ক্ষেত্রে। প্রস্তুতি ম্যাচে ১৪২ রানের অপরাজিত ইনিংসে বুঝিয়ে দিয়েছিলেন, তাঁর উপর আস্থা রাখা ভুল হবে না। শট চয়ন থেকে ফুটওয়ার্ক— এই ইনিংসে সবেতেই ধরা পড়েছে মুন্সিয়ানার ছাপ। লাল বলের ক্রিকেটে তিন নম্বর ব্যাটিং পজিশন নিয়ে কম ভুগতে হয়নি ভারতকে। পূজারা বাদ পড়ার পর বিকল্প খুঁজতে রীতিমতো নাকানিচোবানি খেয়েছেন নির্বাচকরা। অবশেষে পাদিক্কালের ইনিংসে কিছুটা ভরসা মিলল। ২০২৪ সালের পর টেস্টে তিন নম্বরে কোনও ভারতীয় ব্যাটার এতদিনে শতরানের স্বাদ পেলেন। পাদিক্কালের তিন অঙ্কের রান শুধু তাঁর কাছে নয়, দলের কাছেও তাই গুরুত্বপূর্ণ।



