নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও দিনের তাপমাত্রা বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে বাড়বে অস্বস্তিকর পরিস্থিতি। সোমবারের মধ্যে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ৩৬ ডিগ্রি এবং পশ্চিমের জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে তাপমাত্রা। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। হালকা বৃষ্টির হতে পারে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার কিছু অংশে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গে।



