Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিপুল বাজেট-অমিল টিকিট, বিশ্বকাপে টিভিতে মজেছে বাঙালি

বিশ্বকাপে টিকিটের চড়া দাম নিয়ে দুশ্চিন্তায় বাঙালি। ফুটবল দেখার জন্য বড় এলইডি স্ক্রিনে নজর। বিস্তারিত পড়ুন।

বিপুল বাজেট-অমিল টিকিট, বিশ্বকাপে টিভিতে মজেছে বাঙালি
  • ১৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্ব ফুটবলের পুজো তো চার বছরে একবার। তাই টাকা জমিয়ে ভিন দেশের স্টেডিয়ামে বসে ফুটবল দেখার স্বপ্নে বিভোর থাকে বাঙালিদের একাংশ। গতবার যখন কাতারে বিশ্বকাপ হল, বাঙালি যেন বুকে বল পেয়েছিল। মোটামুটি কাছের দেশ, তাই বিশ্বকাপ চাক্ষুষ করেছিলেন অনেকেই। এবার খেলা ট্রাম্পের দেশে। ফলে সমস্যায় পড়েছে বাঙালি। কেউ বলছেন, টিকিটের প্রচুর দাম। আবার কারও কথায়, দাম দিতে পারি, কিন্তু টিকিট কই? আবার টিকিট না পেয়ে কেউ কেউ বলছেন, ভালোই হয়েছে। সেখানে জিনিসপত্রের যা দাম, বাজেট ছাড়িয়ে যেত।

Advertisement

দক্ষিণ কলকাতার গাঙ্গুলিবাগানের বাসিন্দা উত্তম সাহা আর্জেন্তিনার ভক্ত। স্টেডিয়ামে বসে বিশ্বকাপ দেখা তাঁর নেশা। এবারও যাবেন। বলছিলেন, ‘কাতার কিংবা রাশিয়ায় আয়োজন ভালোই ছিল। এবার টিকিটের দাম প্রচুর। কাতারে দামি টিকিটের দাম ছিল মোটামুটি ১২০০ ডলারের মতো। আর এবার টিকিটের দাম শুরুই হচ্ছে ১২০০ ডলার থেকে। তাও পছন্দের ম্যাচের টিকিট পাচ্ছি না।’ খেলা দেখার জন্য উত্তমবাবুরা এবার গাঙ্গুলিবাগানে বড়ো এলইডি স্ক্রিন বসাচ্ছেন। বললেন, ‘টিকিট কেটে ফেলেছি। সেমি ফাইনাল, ফাইনাল দেখার ইচ্ছা রয়েছে। আমাদের প্রায় ৬০ জনের যাওয়ার কথা। এখানে ফ্যান পার্কে কী অবস্থা হয় দেখি, সেই অনুযায়ী যাব।’ 
সঙ্গীতশিল্পী উপল সেনগুপ্তের আক্ষেপ, ‘টিকিটের চড়া দামের জন্য আর আমেরিকায় যাওয়া হল না। রাশিয়া ও কাতারে গিয়েছিলাম। প্রথমে তো টিকিটের লটারিতে নাম উঠল না। পরে যখন নাম উঠল, তখন দেখি ডায়নামিক প্রাইসিং শুরু হয়ে গিয়েছে। ফিফা বারবার প্যাকেজের কথা বলছে। তাই সাধারণ টিকিটের দাম অনেক বেশি রেখেছে তারা। তাই আর হল না। এখন শুনছি স্টেডিয়াম পৌঁছাতে মেট্রোর ভাড়া ১২ ডলার ছিল, এখন তা বেড়ে ৯৮-১০০ ডলার। হোটেলের দাম যদি হঠাত্ তিনগুণ হয়ে যায়, তাহলে বাজেট তো হাতের বাইরে চলে যাবেই। হাতে টিকিট থাকলেও ভিসা কবে মিলবে কে জানে! তাই টিভিই এখন প্রথম পছন্দ।’

Advertisement
সম্পর্কিত সংবাদ