সংবাদদাতা, তেহট্ট: রাজ্য সড়কে টোটো চলাচল নিষিদ্ধ। প্রশাসনের তরফে বারবার সচেতনও করা হয়েছে চালকদের। তারপরেও সেই নির্দেশ উপেক্ষা করে করিমপুর-কৃষ্ণনগর রাজ্য সড়কে দাপিয়ে বেড়াচ্ছে টোটো। এবার নিষেধাজ্ঞা কার্যকর করতে পথে নামল তেহট্ট হাইওয়ে ট্রাফিক গার্ড। রাজ্যসড়কে চলাচলকারী টোটো আটক করার পাশাপাশি বেশ কয়েকটির বিরুদ্ধে মামলাও করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আদালতের নির্দেশের ভিত্তিতে রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচল নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। মূলত যানজট এবং দুর্ঘটনা এড়াতেই এই পদক্ষেপ। কিন্তু নিষেধাজ্ঞার পরেও তেহট্ট মহকুমার বিভিন্ন এলাকায় রাজ্য সড়কে টোটোর চলাচল পুরোপুরি বন্ধ হয়নি। বিশেষ করে করিমপুর-কৃষ্ণনগর রাজ্য সড়কের বিভিন্ন অংশে নিয়মিত টোটো চলাচল করতে দেখা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, রাজ্য সড়কে টোটো চলাচলের জেরে এর আগে একাধিক দুর্ঘটনাও ঘটেছে। কয়েকটি ঘটনায় মৃত্যুর ঘটনাও ঘটেছে। ফলে দ্রুতগতির গাড়ির সঙ্গে তুলনামূলক ধীরগতির টোটোর সংঘর্ষের আশঙ্কা থেকেই যায়। বিষয়টি নিয়ে বারবার চালকদের সতর্ক করা হলেও অনেকেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোটো চালাচ্ছিলেন বলে অভিযোগ।
এবার সেই পরিস্থিতিতেই কড়া পদক্ষেপ শুরু করেছে তেহট্ট হাইওয়ে ট্রাফিক গার্ড। করিমপুর-কৃষ্ণনগর রাজ্য সড়কে অভিযান চালিয়ে নিষিদ্ধ এলাকায় চলাচলকারী টোটো আটক করা হচ্ছে। পাশাপাশি আইনভঙ্গকারী চালকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। পুলিশের দাবি, আগে থেকেই টোটো চালকদের রাজ্যসড়কে টোটো না চালানোর জন্য একাধিকবার সতর্ক করা হয়েছিল। সচেতনও করা হয়েছিল। কিন্তু তারপরেও নির্দেশ না মানায় এবার আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ট্রাফিক পুলিশের এক আধিকারিক বলেন, সরকারি নির্দেশ মেনেই রাজ্য সড়কে টোটো চলাচল বন্ধ করার চেষ্টা চলছে। চালকদের আগেও একাধিকবার বুঝিয়ে বলা হয়েছে এবং সচেতন করা হয়েছে। তারপরেও অনেকে নির্দেশ না মানায় টোটো আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।